28/04/2026
গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাস , মস্কো বাঙ্গালির প্রাণের উৎসব ‘বাংলা বর্ষবরণ ১৪৩৩’ উদযাপন করেছে| দূতাবাস প্রাঙ্গণে সারাদিনব্যাপী আনন্দঘন এই উৎসব এর আয়োজন করা হয়| এ অনুষ্ঠানে দূতাবাস পরিবার, বিদেশী অতিথিবৃন্দ, মিডিয়া ব্যাক্তিত্ব, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, মস্কোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীবৃন্দ এবং স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সদস্যরা সপরিবারে স্বতঃস্ফুর্তভাবে উৎসবে যোগদান করেন| বাংলাদেশী সংস্কৃতিকে তুলে ধরার জন্য অনুষ্ঠানস্থল বর্ণিল আলপনা, রঙিন কাগজ, বেলুন, ব্যানার, ফেস্টুন, ফুল, পালকি, ভ্যান, নকশি কাঁথা, মাটির কলসী-ইত্যাদি দিয়ে সাজানো হয় যা দূতাবাস প্রাঙ্গনকে এক টুকরো বাংলাদেশে পরিণত করে।
উদযাপনের অংশ হিসেবে মস্কোর রাস্তায় প্রথম বারের মত বাংলা বর্ষবরণ উৎসবের ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়| নানান রঙের ব্যানার, ফেস্টুন, প্রতিকৃতি দিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মস্কোর বিদেশী অতিথিবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা| শোভাযাত্রাটি প্রায় এক কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে। এছাড়াও বাংলা বর্ষবরণ উৎসবের অংশ হিসেবে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার, মিষ্টান্ন সামগ্রী, পোষাক, হস্তশিল্প ও অন্যান্য পণ্যের বিভিন্ন স্টলের আয়োজন করা হয়| এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-এর আয়োজন করা হয়| সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলেই সমবেত স্বরে ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনায় অংশগ্রহণ করেন| এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী এবং দূতাবাস পরিবার সমন্বয়ে দিনব্যাপী শিল্পীবৃন্দ গান, নাচ পরিবেশনার মাধ্যমে আগত অতিথিদের মুগ্ধ করেন| পরিবেশনার মধ্যে উল্লেখযোগ্য ছিল রাশিয়ান শিল্পিদের পরিবেশনায় বাঙালী নাচ । স্টলগুলোতে অতিথিদেরকে পিঠা, পায়েস, মিস্টি, দেশীয় খাবার , বিরানী, চটপটি ইত্যাদি পরিবেশন করা হয় ।
রাষ্ট্রদূত জনাব মো: নজরুল ইসলাম তাঁর স্বাগত বক্তব্যের শুরুতে আগত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান| রাষ্ট্রদূত বাংলা নববর্ষ সূচনার ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন| বাংলাদেশের ঐতিহ্য প্রদর্শণ সকল বাঙ্গালীর জন্য গর্বের এবং আনন্দের| তিনি বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ, লালন, প্রচার এবং প্রসারের জন্য কাজ করতে উপস্থিত অতিথিদের আহবান করেন| এছাড়াও বাংলা নববর্ষের উদযাপনের সাথে একই সময়ে মস্কোতে দূতাবাসের উদ্দ্যেগে বিখ্যাত বাংলাদেশী চিত্র শিল্পিদের অংশগ্রহনে রাশিয়ায় প্রথমবারের মত সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ।