02/06/2026
স্মরণে কমরেড সমীর গাঙ্গুলী
সিপিআই(এম)-এর প্রবীণ নেতা ও হুগলী জেলা কমিটির প্রাক্তন সদস্য কমরেড সমীর গাঙ্গুলীর স্মরণে মঙ্গলবার বিকেলে শ্রীরামপুরের বিজয় মোদক ভবনে এক স্মরণসভার আয়োজন করা হয়। বিকেল ৪টায় অনুষ্ঠিত এই সভায় জেলা ও রাজ্যের পার্টি নেতৃত্ব, পরিবারের সদস্য এবং অসংখ্য কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করার পর গত ৫ এপ্রিল ২০২৬ প্রয়াত হন কমরেড সমীর গাঙ্গুলী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। স্মরণসভায় বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সাংগঠনিক নিষ্ঠা, সংস্কৃতিমনস্কতা এবং মানবিক গুণাবলির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভায় উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড শ্রীদীপ ভট্টাচার্য, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও হুগলী জেলা সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ, বর্ষীয়ান পার্টি নেতা কমরেড রেবতী মোহন সাহা, প্রয়াত নেতার সহধর্মিণী তথা প্রাক্তন জেলা কমিটির সদস্য কমরেড মিতালী কুমার, রাজ্য কমিটির সদস্য কমরেড মনোদীপ ঘোষ এবং কমরেড তীর্থঙ্কর রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কমরেড সমীর গাঙ্গুলীর ভাইপো বিশিষ্ট চিকিৎসক ডাঃ গৌতম গাঙ্গুলী, পরিবারের অন্যান্য সদস্য এবং পার্টির জেলা, এরিয়া ও স্থানীয় নেতৃত্ব।
বক্তারা বলেন, ১৯৬৩ সালে পার্টির সদস্যপদ লাভের পর থেকে কমরেড সমীর গাঙ্গুলী আজীবন মার্কসবাদী আদর্শের প্রতি অবিচল থেকেছেন। রাজনৈতিক সংগঠক হিসেবে তাঁর অবদান যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি সাহিত্য, নাটক, চলচ্চিত্র ও সংস্কৃতির ক্ষেত্রেও তাঁর গভীর অনুরাগ এবং জ্ঞান নতুন প্রজন্মের কর্মীদের সমৃদ্ধ করেছে। জেলা কেন্দ্রে পাঠাগার ও বুকস্টল গড়ে তোলা, রাজনৈতিক-সাংস্কৃতিক শিক্ষার প্রসার এবং সাংগঠনিক কাজে তাঁর নিষ্ঠা আজও কর্মীদের কাছে অনুকরণীয়।
স্মৃতিচারণায় বক্তারা আরও উল্লেখ করেন, মতাদর্শগত দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা, বিনয়, সহমর্মিতা এবং সহযোদ্ধাদের প্রতি আন্তরিক ভালোবাসার জন্য তিনি জেলার পার্টি মহলে এক ‘অজাতশত্রু’ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কর্মীদের রাজনৈতিকভাবে শিক্ষিত করার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সভার শেষে প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। উপস্থিত সকলেই তাঁর জীবনাদর্শ ও সংগ্রামী চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা থেকে ধ্বনিত হয়—
“কমরেড সমীর গাঙ্গুলী লাল সেলাম।”
“কমরেড সমীর গাঙ্গুলী অমর রহে।”