07/05/2026
করণদীঘিতে সিপিআই(এম) নেতার উপর হামলা
নির্বাচন পরবর্তী উত্তেজনার আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের করণদীঘি। বৃহস্পতিবার সকালে করণদীঘি সুপার মার্কেট এলাকায় সিপিআই(এম) উত্তর দিনাজপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ ঘোষ ওরফে রাজু ঘোষের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা কুনাল দত্ত এবং তাঁর স্ত্রী পায়েল দাসদত্তের বিরুদ্ধে। হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বাজার করতে গিয়েছিলেন রাজু ঘোষ। সেই সময় পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন তাঁর উপর চড়াও হয়। অভিযোগ রাজু ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে মাথা এবং শরীরের একাধিক স্থানে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে করণদীঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের একাংশের অভিযোগ, নির্বাচন ফল প্রকাশের পর থেকেই এলাকায় বিরোধী রাজনৈতিক কর্মী-সমর্থকদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। রাজু ঘোষ সিপিআই(এম) প্রার্থী হাজী সাহাবুদ্দিনের সমর্থনে সক্রিয়ভাবে প্রচার করেছিলেন। সেই কারণেই তাঁকে টার্গেট করা হয়েছে। উল্লেখ্য, করণদীঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী গৌতম পাল প্রায় কুড়ি হাজার ভোটে পরাজিত হন। সেই পরাজয়ের জেরেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।
আহতের ভাই রানা ঘোষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই হামলা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এই হামলার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এলাকার সিপিআই(এম) নেতৃত্ব। ন্যায়বিচারের দাবিতে বহু মানুষ করণদীঘি থানার সামনে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। সূত্রের খবর, অভিযুক্ত কুনাল দত্ত ও পায়েল দাসদত্তকে আটক করেছে করণদীঘি থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।