03/06/2026
NH 06 সড়কে দুর্ঘটনা হ্রাস এবং যানবাহন চলাচল আরও নিরাপদ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে কালাইন ও গুমড়ার মধ্যবর্তী করোচুরা এলাকায় একটি বড় ট্রাক লে-বাই (Truck Lay-by) জোন নির্মাণ সময়ের দাবিযেখানে এক সাথে ১০০ টি ট্রাক পার্ক করা সম্ভব।
এই সড়ক দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল করে। দীর্ঘ পাহাড়ী পথ পাড়ি দেওয়ার পর চালকদের বিশ্রামের জন্য উপযুক্ত স্থান না থাকায় অনেক ট্রাক রাস্তার পাশে এলোমেলোভাবে দাঁড় করানো হয়, যা যানজট সৃষ্টি করার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে তোলে।
করোচুরা এলাকায় সড়কের কেন্দ্রবিন্দু থেকে উভয় পাশে প্রায় ৭৫-১০০ ফুট সরকারি খাস জমি রয়েছে। এই জমিকে কাজে লাগিয়ে একটি আধুনিক ট্রাক লে-বাই জোন নির্মাণ করা যেতে পারে। এতে নিম্নলিখিত সুবিধাগুলো রাখা যেতে পারে:
• ট্রাক ও ভারী যানবাহনের জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা
• চালকদের বিশ্রামাগার
• বিশুদ্ধ পানীয় জল ও শৌচাগার সুবিধা
• পর্যাপ্ত আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা
• জরুরি মেরামত ও যানবাহন পরীক্ষার স্থান ইত্যাদি
এ ধরনের একটি সুবিধা চালকদের নিরাপদ বিশ্রামের সুযোগ করে দেবে, ক্লান্তিজনিত দুর্ঘটনা কমাবে এবং জাতীয় সড়কের পাশে অনিয়ন্ত্রিত পার্কিংয়ের সমস্যারও সমাধান করবে।
অন্যদিকে, খইয়াজানি সেতু বর্তমানে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঝুঁকির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সম্প্রতি একটি ট্রাক সেতুর পাশের খালে পড়ে যাওয়ার ঘটনা এই সমস্যাকে আরও স্পষ্ট করেছে। সড়কটি প্রশস্ত হলেও সেতুটি তুলনামূলকভাবে সরু হওয়ায় এখানে একটি বিপজ্জনক “বটলনেক” পরিস্থিতি তৈরি হয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
তাই সেতুটিকে বর্তমান সড়কের প্রস্থের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্প্রসারণ করা অত্যন্ত জরুরি।সেতুর উত্তর দিকে প্রচুর সরকারি খাস জমি রয়েছে। সেই জমি ব্যবহার করে সেতুর সম্প্রসারণ করা হলে যানবাহনের চলাচল আরও নিরাপদ ও স্বাভাবিক হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।
জননিরাপত্তার স্বার্থে করোচুরা ট্রাক লে-বাই জোন নির্মাণ এবং খইয়াজানি সেতুর প্রশস্তকরণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা উচিত। এই দুটি উদ্যোগ বাস্তবায়িত হলে NH 06 এর কালাইন অঞ্চলে সড়ক নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি সাধিত হবে।
DC Cachar
MyGov Assam
Kamalakhya Dey Purkayastha