09/08/2026
সম্প্রীতির বন্ধনে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল স্টেডিয়ামে ধারাবহরের প্রীতি ফুটবল
পশ্চিম ধারাবহরকে ৩–০ গোলে হারিয়ে জয় পেল পূর্ব ধারাবহর
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ধারাবহর গ্রামের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ৭ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় ধারাবহর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে পশ্চিম ধারাবহরকে ৩–০ গোলে পরাজিত করে পূর্ব ধারাবহর।
খেলাকে ঘিরে সকাল থেকেই এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। বিকেলে ম্যাচ শুরুর আগেই মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী দর্শক ও ক্রীড়াপ্রেমীরা। বিপুলসংখ্যক গ্রামবাসীর উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলায়।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও ধীরে ধীরে পূর্ব ধারাবহর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। একের পর এক আক্রমণ থেকে তারা তিনটি গোল আদায় করে নেয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩–০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পূর্ব ধারাবহর।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবনযাপনের পথে রাখার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।
তিনি বলেন, “ধারাবহরের তরুণদের এ উদ্যোগ আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। আজকের খেলায় জয়-পরাজয়ের চেয়েও বড় বিষয় হলো দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। একটি গ্রামের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে এমন আয়োজন পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করে।”
তিনি আরও বলেন, মোবাইল ফোন ও বিভিন্ন আসক্তির কারণে তরুণদের একটি অংশ খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। তাই নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। “আমরা চাই ধারাবহরের তরুণরা মাঠে থাকুক, খেলাধুলায় থাকুক এবং নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ পাক,” বলেন তিনি।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী খলিলুর রহমান, গৌছ উদ্দিন, কাওছার আহমদ, প্রবাসী ফখর উদ্দিন এবং সমাজসেবী জিয়া উদ্দিন।
খেলাটি পরিচালনায় ছিলেন জুহেল আহমদ (ইঞ্জিনিয়ার), আক্তার হোসেন (ফার্মাসিস্ট), বাবুল আহমদ ও রতন চন্দ্র নাথ।
খেলা শেষে আয়োজকরা বলেন, ভবিষ্যতেও ধারাবহরের তরুণদের নিয়ে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে। তাদের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক বন্ধন, শৃঙ্খলা ও সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে।
দুই দলের খেলোয়াড়::
পূর্ব ধারাবহর দলের খেলোয়াড়রা ছিলেন:
ছামি, ইমরান, রাবেল, সুবেল, মুকিত, জুনেদ, উজ্জ্বল, জুবায়ের, ফাহিম, নির্মল, রতন, শাহিন ও তানজিদ।
পশ্চিম ধারাবহর দলের খেলোয়াড়রা ছিলেন:
আক্তার, ফজল, মাসুদ, মারুফ, মাহী, সাহান, শাহিম, নেহাল, আদিল, সুবহান, কবির, জয়নাল, রনি, নাইম ও মাহিদ।
৩–০ গোলের জয় দিয়ে পূর্ব ধারাবহর মাঠ ছাড়লেও দিনটির সবচেয়ে বড় জয় ছিল—খেলাধুলার মাধ্যমে পুরো ধারাবহর একসঙ্গে মিলিত হওয়া।