06/11/2016
তফসিল ঘোষণা না হলেও আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপিকে দলের একক প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। ৬ নভেম্বর রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগের সদ্য অনুমোদিত নির্বাহী পরিষদের প্রথম সভায় ওই প্রার্থী বাছাই করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পালের সঞ্চালনায় দলের চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি খন্দকার মোঃ খুররম, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, আব্দুল হালিম উকিল, খন্দকার নজরুল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, গোলাম রব্বানী, আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, রফিকুল ইসলাম, মোতাহারুল ইসলাম লিটন, অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সাবেক মেয়র মিজানুর রহমান, সরকার গোলাম ফারুক প্রমুখ।
দলীয় সূত্র জানায়, সভায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী বাছাই ছাড়াও প্রতি ৩ মাস অন্তর নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠান এবং খুব শীঘ্রই সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আলোচনা সাপেক্ষে ৫ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহবানের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় জেলা আওয়ামী লীগের নির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের অনুমোদন দেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও অভিনন্দন জানানো হয়। সেইসাথে সভায় নির্বাহী পরিষদের সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনসহ ১০ জন সদস্য কোন কারণ না জানিয়েই অনুপস্থিত থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়।
জেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, সদ্য অনুমোদিত নির্বাহী পরিষদের সভায় প্রার্থিতা আহবান করা হলে দলের দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতা এডভোকেট চন্দন কুমার পালের পক্ষে স্বতঃস্ফূর্ত প্রস্তাব ও সমর্থনের প্রেক্ষিতে তাকে চূড়ান্তভাবে একক প্রার্থী বাছাই করা হয়েছে। এখন সেই বাছাই মোতাবেক তাকে দলীয় মনোনয়ন দিতে দলের প্রধানের প্রতি অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হবে।