01/05/2025
একজন আদর্শ শিক্ষিকা.........
ফাল্গুনী হাজং
একজন আদর্শ শিক্ষিকা শুধু পাঠ্যবই পড়িয়ে দায়িত্ব শেষ করেন না, বরং তিনি শিক্ষার্থীদের জীবন গঠনের পথপ্রদর্শক হয়ে ওঠেন। তেমনি একজন অসাধারণ গুণসম্পন্ন আদর্শ শিক্ষিকা হলেন ফাল্গুনী হাজং ম্যাডাম। তিনি গাজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শ্রদ্ধেয় ও সবার প্রিয় শিক্ষিকা।
ফাল্গুনী হাজং হাজং সম্প্রদায়ের একজন শিক্ষিকা এবং হিন্দু ধর্মাবলম্বী। তিনি ঝিনাইগাতী শহরে বসবাস করেন ও প্রতিদিন প্রায় ১১ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসেন। নিয়মিত এবং সঠিক সময়ে উপস্থিত হন, যা তাঁর কঠোর দায়িত্ববোধের পরিচায়ক। তিনি বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের ক্লাস নেন এবং বিশেষ করে শিশু শ্রেণির শিক্ষার্থীদের প্রতি তাঁর স্নেহ ও যত্ন প্রশংসনীয়।
তিনি ২০০৭ সালে এসএসসি এবং ২০০৯ সালে এইচএসসি সুনামের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি অনার্স ডিগ্রি অর্জন করেন এবং DPED প্রশিক্ষণ সম্পন্ন করেন। বর্তমানে তাঁর চাকরিজীবনের বয়স ১১ বছর, এই দীর্ঘ সময়জুড়ে তিনি নিরলসভাবে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তাঁর ব্যবহার অত্যন্ত নম্র, অমায়িক, সুহাসিনী এবং জীবনযাপন অত্যন্ত সাধারণ। শিক্ষার্থীদের সঙ্গে তাঁর আচরণ মাতৃসুলভ। কেউ অসুস্থ হলে তিনি নিজে গিয়ে দেখে আসেন, কেউ বিপদে পড়লে পাশে দাঁড়ান। তিনি সহজে ছুটি নেন না এবং দায়িত্ব পালনে সর্বদা অগ্রগামী।
শুধু শ্রেণিকক্ষেই নয়, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনের কাজে তিনি সব সময় উদ্যোগী থাকেন। তিনি নিয়মিত বিদ্যালয়ের Assembly পরিচালনা করেন এবং বার্ষিক বনভোজনসহ নানান সহশিক্ষা কার্যক্রম আয়োজন করেন।
জাতীয় দিবসসমূহ—২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর উপলক্ষে তিনি চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও খেলাধুলার আয়োজন করে থাকেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশ ঘটে।
সবচেয়ে অনুকরণীয় বিষয় হলো—তিনি নিয়মিত হোম ভিজিট করে শিক্ষার্থীদের পারিবারিক পরিবেশ ও সমস্যাগুলো জানার চেষ্টা করেন। তিনি ছোটগাজনী, গাজনী উত্তর পাড়া, অবকাশ, গান্ধিগাঁও টিলাপাড়া—এইসব এলাকা সফর করে শিক্ষার্থীদের বাড়িতে যান এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে।
ব্যক্তিগত জীবনে ফাল্গুনী ম্যাডাম একজন আদর্শ মা। তাঁর একমাত্র মেয়ের নাম রাধীকা। শিক্ষকতা ও মাতৃত্ব—উভয় ক্ষেত্রেই তিনি অত্যন্ত দক্ষ ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
ফাল্গুনী হাজং ম্যাডাম নিঃসন্দেহে একজন আদর্শ শিক্ষিকা।