10/05/2026
০৯/০৫/২০২৬ খ্রি. তারিখ মৎস্যচাষী কল্যাণ সমিতি, বৃ-পাথুরিয়া, গুরুদাসপুর, নাটোর কর্তৃক আয়োজিত মৎস্যচাষী সম্মেলন- ২০২৬ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চলনবিলের হারানো ঐতিহ্য ও দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে এই অঞ্চলে আধুনিক মৎস্য সংরক্ষণাগার এবং কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলে জানান...
নিরাপদ মৎস্য উৎপাদন, বাজার নীতি সম্প্রসারণ ও আন্তর্জাতিক রপ্তানি চেইন প্রতিস্থাপন'- শীর্ষক এই সম্মেলনে প্রতিমন্ত্রী দেশের মৎস্য খাতের উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, "আমাদের দেশ মৎস্যসম্পদে ভরপুর। চলনবিলসহ দেশের মুক্ত জলাশয়গুলোতে উৎপাদিত মাছ দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে সরকার কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শুরু করেছে।
সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, নাটোরের চলনবিল ও হালতিবিলসহ দেশের মুক্ত জলাশয়গুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের মাধ্যমে মৎস্য চাষে নতুন বিপ্লব ঘটানো হবে। দেশীয় মাছের বংশবৃদ্ধি, সংরক্ষণ এবং উন্নত বাজারজাতকরণে নেওয়া হবে বিশেষ উদ্যোগ। পাশাপাশি মৎস্য চাষিদের আধুনিক ও উন্নত প্রশিক্ষণের আওতায় এনে দেশে আমিষের ঘাটতি পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর- ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, সম্মানিত ডীন, মৎস্য অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পরিচালক, মৎস্য অধিদপ্তর, রাজশাহী বিভাগ, রাজশাহী, জেলা মৎস্য অফিসার, জেলা প্রাণীসম্পদ অফিসার, নাটোর; নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসকগণসহ, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা কৃষি অফিসার, অফিসার ইন চার্জ গুরুদাসপুর থানা, ডিজিএম পল্লীবিদ্যুৎ, সহকারী প্রকৌশলী, বিএডিসিসহ গুরুদাসপুরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, নাটোরের অন্যান্য উপজেলার মৎস্য কর্মকর্তাবৃন্দ, মৎস্য অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক (প্রশাসন-১), ডিজি স্ট্যাফ অফিসার (সহকারী পরিচালক), নাটোর জেলার মৎস্যচাষী, মৎস্যজীবী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।