26/08/2026
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে নারায়ণগঞ্জে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ
শিল্প-কলকারখানা ও আবাসিক এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি চাষাঢ়া শহীদ মিনার থেকে শুরু হয়ে ২ নম্বর রেলগেট প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শুভ দেবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব মো. সোহাগ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মুনা, জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে তরিকুল সুজন বলেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হলেও নিয়মিত গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বাসাবাড়িতে গ্যাসের সংকট ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন।
তিনি দাবি করেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে প্রায় ৩০০টি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
বিপ্লব খান বলেন, “প্রতিবাদের কথা বললেই মানুষ এখন আমাদের বলে, আমরাও তো সরকারে আছি। হ্যাঁ, আমরা সরকারে আছি। তাই বলে মনে করবেন না আমরা মুখে কুলুপ এঁটে বসে থাকব।” জনগণের স্বার্থের বাইরে তাদের কোনো আলাদা স্বার্থ নেই উল্লেখ করে তিনি দ্রুত সংকট সমাধানের দাবি জানান।
তিনি আরও বলেন, “অনতিবিলম্বে সাধারণ মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে হবে। শিল্পকে রক্ষা করতে হবে। শিল্প বাঁচলেই দেশ বাঁচবে।”
পপি রাণী সরকার নারায়ণগঞ্জের আবাসিক ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। পাশাপাশি নারায়ণগঞ্জ সদরে প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপনের উদ্যোগেরও বিরোধিতা করেন তিনি। নারায়ণগঞ্জবাসীর মতামতের বিরুদ্ধে গিয়ে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হলে বিদ্যুৎ বিভাগকে এর দায় নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য রফিকুল বাপ্পি, নাজমা বেগম, রাইসুল রাব্বিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।