07/10/2026
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশে ৫৫০০ মেগাওয়াট রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হবে। তৎপ্রেক্ষিতে অত্র পবিসের ভৌগোলিক এলাকায় নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্যে দরপত্র আহ্বান, বিদ্যুৎ সংযোগ প্রদান, সার্ভিস প্রোভাইডারের কার্যক্রম, সরকারি ভবনে সোলার সিস্টেম স্থাপনসহ অন্যান্য বিষয়ে অদ্য সাড়ে তিনটায় একটি অনলাইন সভার আয়োজন করা হয়।
সভায় অত্র পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার উপস্থিত সকল অফিস প্রধানকে নিম্নোক্ত বিষয়াবলি অবহিত করেন:
🔹 নেট মিটারিং নির্দেশিকা ২০২৫: নির্দেশিকা অনুযায়ী গ্রাহকগণ নিজেদের উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে বিদ্যুৎ বিলের সাথে তা সমন্বয় করতে পারবেন। এতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গ্রাহকদের আগ্রহ ও আর্থিক স্বাচ্ছন্দ্য বহুগুণ বৃদ্ধি পাবে। এ বিষয়ে সিনিয়র জেনারেল ম্যানেজার সম্মানিত গ্রাহকদের এই বার্তা পৌঁছে দেওয়া এবং তাদের উৎসাহ প্রদানের জন্য সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।
🔹 জাতীয় রুফটপ সোলার কর্মসূচি (২০২৬-২০৩০): সরকারের কৌশলপত্র অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশে ৫৫০০ মেগাওয়াট রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হবে। শিল্প ও বাণিজ্যিক ভবনের ছাদে সোলার সিস্টেম স্থাপনকে উৎসাহিত করা হচ্ছে, যা বিদ্যুৎ খাতের ওপর চাপ কমাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে মর্মে তিনি অবহিত করেন এবং সকলকে তা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
🔹 আকর্ষণীয় প্রণোদনা ও ঋণ সুবিধা: রুফটপ সোলার প্রসারের জন্য সোলার প্যানেল ও ইনভার্টার আমদানিতে বিশেষ শুল্ক ছাড়ের ব্যবস্থা রয়েছে। অতিরিক্ত বিদ্যুৎ বিক্রির মাধ্যমে গ্রাহকগণ আর্থিকভাবেও লাভবান হতে পারেন।
🔹 সরকারি অফিসে রুফটপ সোলার: উপজেলা পর্যায়ের সকল সরকারি অফিস ও ভবনের ছাদে সোলার সিস্টেম স্থাপন উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
🔹 গ্রাহক সচেতনতা ও মোটিভেশন: স্থানীয় শিল্প উদ্যোক্তা, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বড় গ্রাহকদের নেট মিটারিং ও রুফটপ সোলার সিস্টেমের সুফল সম্পর্কে অবহিত করতে বিশেষ সচেতনতামূলক সভা ও মোটিভেশনাল কার্যক্রম পরিচালিত করার বিষয়ে আলোকপাত করেন।
🔹 মিটার ও আনুষঙ্গিক সরঞ্জাম ক্রয়: সম্মানিত গ্রাহকদের কথা বিবেচনা করে মিটার এবং আনুষঙ্গিক সরঞ্জাম ক্রয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য প্রশাসন বিভাগকে নির্দেশনা প্রদান করেন।
সভায় গৃহীত এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। সকলে উক্ত নির্দেশনা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।