14/11/2014
সংগঠনের বদনাম হয় কোন সদস্য এমন কাজ করবেন না: সজীব ওয়াজেদ জয়
13, November 2014
ছাত্রলীগ এদেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন তাই এই সংগঠনের বদনাম হয় এমন কোনো কাজ না করতে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মী ও সদস্যদের আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ বৃহস্পতিবার গণভবনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা ও রাজধানীর বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সজীব ওয়াজেদ জয় বলেন, 'ছাত্রলীগের বদনাম হয় এমন কোনো কাজ ছাত্রলীগের কোনো কর্মী করবেন না। ছাত্রলীগের নামে কেউ সন্ত্রাস করলে, বিশৃঙ্খলা করলে তাদের আপনারা পুলিশে ধরিয়ে দেবেন।'
তিনি বলেন, 'শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে ছাত্রলীগ সেগুলো সাধারণ মানুষের কাছে সুষ্পষ্টভাবে তুলে ধরবে এটাই আমি আশা করি। শেখ হাসিনার সরকার ছাড়া দেশের এসব উন্নয়ন সম্ভব হতো না এটা সাধারণ মানুষকে বোঝাতে হবে।'
ছাত্রলীগ একটি আদর্শের সংগঠন এ কথা উল্লেখ করে জয় বলেন, 'ছাত্রলীগের নেতৃত্বে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকবে এটাই আমরা আশা করি।' এ সময় তিনি 'ক্নিন অ্যান্ড সেইফ ক্যাম্পাস' নামে একটি কর্মসূচি ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা বলেন, 'তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে তরুণ সমাজ এখন ঘরে বসেই ২০-৫০ হাজার টাকা আয় করতে পারবে। সরকার সুলভ মূল্যে ইন্টারনেট সুবিধা দিচ্ছে। সারাদেশে আরো ব্যাপকহারে ইন্টারনেট সুবিধা শিগগিরই দেওয়া হবে। আগামী বছরের মধ্যে দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১ এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া হবে।'
ছাত্রলীগ নেতাকর্মীদের ভালোভাবে পড়ালেখার করার পরামর্শ দিয়ে তিনি বলেন, 'আমার মা আমাকে শিখিয়েছেন পড়ালেখা করলে কোনোদিন কোথাও ঠেকতে হবে না, কেউ ঠকাতে পারবে না। আমি বিদেশে পড়ালেখা করেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। আমি আশা করি, তোমরাও সঠিকভাবে পড়ালেখা করে নিজে সমৃদ্ধ হবে, দেশকে সমৃদ্ধ করবে। দেশের অর্থনীতিতে গতিশীলতা আনবে।
অর্থনীতির গতিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ এ কথা উল্লেখ করে তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, 'তোমাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। তোমরা নিজের পায়ে দাঁড়াও। ঘরে বসে আয় করার যথেষ্ট সুযোগ আছে, দুর্নীতি-চাঁদাবাজি করার প্রয়োজন নেই। তোমাদের মধ্য থেকেই আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হবে। তোমরাই আওয়ামী লীগকে নেতৃত্ব দেবে। সেভাবেই নিজেদেরকে প্রস্তুত করো।'
ছাত্রলীগের সভাপতি এ কে এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রাযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ অাহমেদ পলক এমপি।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, '২০০৫ সালে সজীব ওয়াজেদ জয় যখন স্বস্ত্রীক বাংলাদেশে আসেন তখন ছাত্রলীগের স্লোগান ছিল তোমার জ্ঞানের আলোয় আলোকিত হোক বাংলাদেশ। আজ তার সেই জ্ঞানের দ্যুতি দেশের প্রতিটি গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বসেও মানুষ আজ প্রযুক্তির সুবিধা ভোগ করছে। বিশ্বকে নিজের দোরগোড়ায় খুঁজে পাচ্ছে।'
ছাত্র সমাজের হাত ধরেই দেশের প্রতিটি ঐতিহাসিক অর্জন এসেছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, 'ছাত্রলীগের হাত ধরেই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হবে। এখনও কিছু মানুষ ছাত্র রাজনীতিকে বিরাজনীতিকরণের চেষ্টায় আছে। তাদের মনে রাখা উচিত দেশের সব অর্জনেই ছাত্র সমাজের ভূমিকা রয়েছে। ছাত্র সমাজকে উপেক্ষা করে কোনো নেতৃত্ব গড়ে উঠতে পারে না।'
সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, 'ছাত্রলীগের কিছু ভুল-ত্রুটি রয়েছে। সে ভুল-ত্রুটিগুলো শুধরে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনায় ছাত্রলীগ সামনের দিকে এগিয়ে যাবে। স্বপ্নের সোনার বাংলাদেশ গঠন করবে। বাংলার ছাত্র সমাজ সব সময়ই শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারের দায়িত্বে নিয়োজিত থাকবে।'