12/07/2026
টানা বৃষ্টি আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে আজ আমাদের ঢাকা মহানগরী উত্তরের এক বিশাল এলাকা পানির নিচে তলিয়ে গেছে। জলাবদ্ধতার এই রূপ কতটা ভয়াবহ ও নির্মম, তা আজ সরাসরি মাঠে না নামলে অনুধাবন করা সম্ভব হতো না।
আজ আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন পানিবন্দী বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়েছিলাম। চারদিকে শুধু পানি আর পানি। ঘরবাড়িতে নোংরা পানি ঢুকে পড়েছে, মানুষের ঘরের খাট পর্যন্ত ডুবে গেছে। রান্নাবান্না করার মতো কোনো উপায় নেই। তাই তাদের জন্য খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে দরজায় দরজায় পৌঁছে যাওয়ার চেষ্টা করি।
তীব্র জলাবদ্ধতার কারণে অবরুদ্ধ হয়ে পড়া এই মানুষগুলো ঘর থেকে বের হতে পারছেন না, চরম খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দিন পার করছেন।
দুর্ভোগে পড়া এই আপনজনদের কষ্ট দেখে ঘরে বসে থাকার কোনো উপায় ছিল না। তাই আমাদের সামর্থ্য অনুযায়ী আজ রান্না করা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আপনাদের এই ভাই ও সন্তান সরাসরি পানিবন্দী মানুষের দুয়ারে দুয়ারে হাজির হয়েছে। নিজ হাতে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার সময় মা-বোন আর শিশুদের চোখে যে স্বস্তি ও আকুলতা দেখেছি, তা আমার হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে।
আমি স্পষ্ট করে বলতে চাই—যেকোনো দুর্যোগে, যেকোনো সংকটে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেবল সস্তা সমবেদনা জানায় না, বরং সেবকের ভূমিকা নিয়ে সবসময় জনগণের পাশে থাকে। এই অসহায় মানুষগুলোর দুর্ভোগ লাঘবে এবং টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
আসুন, আমরা যে যার সামর্থ্য অনুযায়ী এই কঠিন সময়ে আমাদের প্রতিবেশী ও পানিবন্দী ভাই-বোনদের পাশে দাঁড়াই। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবুল করুন এবং দেশবাসীকে সব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করুন। আমিন।
-মোহাম্মদ সেলিম উদ্দিন
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
ঢাকা মহানগরী উত্তর।