03/03/2014
সব জায়গায় কথা বলে এসেছি, কোথাও দুর্নীতি হবে না : রুস্তম আলী ফরাজী
মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে এক পথসভায় বক্তৃতা করছেন সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী বলেছেন, ঢাকায় সব জায়গায় কথা বলে এসেছি, কোথাও দুর্নীতি হবে না। আমি মঠবাড়িয়ায় কাউকে দুর্নীতি করতে দেব না।
ডা. রুস্তম আলী ফরাজী ১৮ই জানুয়ারি মঙ্গলবার বিকেলে স্থানীয় শহীদ মোস্তফা খেলার মাঠে এক পথসভায় এ কথা বলেন। এর আগে তিনি সড়কপথে বিকেলে মঠবাড়িয়া উপজেলার ঝাউতলা নামক স্থানে পৌঁছলে সমর্থকরা তাকে অভ্যর্থনা জানায়। সেখানে থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা নিয়ে বিকেল সাড়ে পাঁচটায় তিনি মঠবাড়িয়া শহরে পৌঁছেন। এরপর শহীদ মোস্তফা খেলার মাঠের পথসভায় অংশ নেন।
ডা. রুস্তম আলী ফরাজী এ সময় আরও বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মঠবাড়িয়ায় ঘুষ-দুর্নীতি বন্ধ হয়ে গেছে। থানায় মামলা কমেছে। আমি নিজে দুর্নীতি করি না। কাউকে দুর্নীতি করতেও দেব না। থানা, ভূমি অফিস ও পল্লীবিদ্যুৎসহ সব দপ্তরে মানুষ যাতে বিনা পয়সায় সেবা পায় তা নিশ্চিত করা হবে। বিশেষ প্রতিনিধি