08/11/2023
লিঙ্গ, বয়স, পেশা, শিক্ষাগত যোগ্যতা কিংবা আর্থসামাজিক অবস্থান ইত্যাদি নির্বিশেষে মাদারীপুর জেলার সর্বস্তরের মানুষকে 'তথ্য অধিকার আইন, ২০০৯' সম্পর্কে সঠিকভাবে অবগত করতে, তাঁদেরকে তথ্য পাওয়ার অধিকারের ব্যাপারে আরও সচেতন করে তুলতে ও তথ্য অধিকার আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে জেলার বিভিন্ন দপ্তর, সংস্থা বা কর্তৃপক্ষের কাছ থেকে তাঁদের প্রাপ্য তথ্য প্রাপ্তির সঠিক প্রক্রিয়ার সাথে তাঁদেরকে হাতেকলমে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, মাদারীপুর, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সক্রিয় ভূমিকায় মাদারীপুর জেলা শহরের শকুনি লেকের পাড়ে অবস্থিত স্বাধীনতা অঙ্গনে ০৬ এবং ০৭ নভেম্বর, ২০২৩ তারিখে আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী 'তথ্য মেলা ২০২৩'। এই মেলায় আগত দর্শনার্থীরা আমন্ত্রিত অতিথিবৃন্দের জ্ঞানগর্ভ আলোচনা সভায় উপস্থিত থাকার পাশাপাশি, মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তর ও সংস্থার স্টল পরিদর্শন, তথ্য অধিকার আইনের আলোকে নির্ধারিত ফরম পূরণের অনুশীলন, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণসহ বিভিন্নভাবে 'তথ্য অধিকার আইন, ২০০৯' এর বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।
উক্ত মেলায় মাদারীপুর জেলায় ক্রিয়াশীল সরকারি-বেসরকারি মোট ৪২টি দপ্তর, সংস্থাকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে৷ স্টলগুলোতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তাঁদের সিটিজেন চার্টার ও নিয়মিত কার্যক্রমের বিভিন্ন দিক।
বরাবরেই মতোই এবারও তথ্য মেলায় অংশগ্রহণকারী দপ্তরগুলোর মধ্যে অন্যতম দপ্তর 'জেলা তথ্য অফিস, মাদারীপুর'।
মেলার সমাপনী দিনে জেলা তথ্য অফিস, মাদারীপুরের স্টলে পরিচালিত কার্যক্রমের কয়েকটি মুহূর্ত। এছাড়াও মেলার শেষাংশে অন্যতম অংশগ্রহণকারী দপ্তর হিসেবে জেলা তথ্য অফিস, মাদারীপুরের পক্ষ থেকে মাদারীপুর জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন তথ্য অফিসার জনাব রাফিদ মাহবুব আহমাদ
মাদারীপুর
২২ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ
০৭ নভেম্বর ২০২৩