13/09/2026
আসসালামু আলাইকুম প্রিয় রায়পুর উপজেলাবাসী,
১২ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আগামী ০৩ (তিন) মাস সারাদেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম, ২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এম. পি.। এসময় মাননীয় প্রধানমন্ত্রী আগামী ০৩ (তিন) মাস ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায়ের সকলকে যার যার বাড়ি বা প্রতিষ্ঠান, হাট-বাজার, স্কুল ও কলেজসহ এবং ঘনবসতিপূর্ণ এলাকার চারপাশ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য দেশবাসীর কাছে আহবান জানিয়েছেন এবং সকল প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন ঘোষণার পরপরই সারা বাংলাদেশের ন্যায় রায়পুর উপজেলাতেও এই কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এখন থেকে প্রতি শনিবার ও মঙ্গলবার রায়পুর উপজেলা, রায়পুর পৌরসভা, সকল ইউনিয়ন পরিষদ, স্হানীয় বাজার কমিটি, সকল স্কুল ও মাদ্রাসা কর্তৃক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।
আসুন মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আমরাও শুরু করি। আজ থেকেই শুরু করি, এখন থেকেই শুরু করি।
আপনি যে অফিসে কাজ করেন, যে বাড়িতে বাস করেন, যে দোকানে ব্যবসা করেন, যে বাজারে ব্যবসা করেন, যে স্কুলে পড়েন বা পড়ান, যে মসজিদে নামাজ পড়েন, মন্দিরে পূজা করেন তার আশপাশটা পরিস্কার করি। প্রতিদিন অন্তত ১০ টা মিনিট কাজ করি। দেশকে পরিচ্ছন্ন রাখি।
আসুন শুরু করি।