28/10/2025
শামিম ভাই দুপুরে মাঠে গিয়েছিলেন ঘাস কাটতে। হঠাৎ হাতে কিছু যেন কামড় দিল। তীব্র ব্যাথায় হাত সরিয়ে নিতেই খেয়াল করলেন সাপ! বিষধর কান্দল/কেউটে সাপ কামড় দিয়েছে তাকে। যে সাপের কামড়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় আমাদের দেশে। ওঝা/কবিরাজের কাছে সময় নষ্ট না করে হাত গামছা দিয়ে বেঁধে সরকারি হাসপাতালে নিয়ে আসল তার স্বজনরা। কিছুক্ষণ পর তার শরীরে সাপের বিষক্রিয়ার লক্ষণ দেখা গেল। কথা জড়িয়ে যেতে থাকল, হাত-পা দুর্বল হয়ে পড়ল, সাপে কামড়ের স্থানে জ্বালা শুরু হল। আবাসিক মেডিকেল অফিসার ডা.আশরাফুলের সাথে পরামর্শ করে আমরা শুরু করলাম তার চিকিৎসা। দশটা আন্টি-ভেনম ইনজেকশন দিয়ে অবশেষে শামিম ভাইকে সুস্থ করা হল। শামিম ভাই ও তার পরিবারকে ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য এবং সময় নষ্ট না করে রোগীকে হাসপাতালে আনার জন্য। আমাদের দেশে সাপে কাটা রোগীদের নিয়ে বেশ কিছু ভ্রান্ত ধারণার প্রচলন আছে। যেমন:... # সব সাপের কামড় কি বিষধর? উত্তর হচ্ছে না। বেশির ভাগ সাপ নির্বিষ। আমাদের দেশে মাত্র ৪ প্রকারের বিষধর সাপের দেখা মেলে। এগুলো হল গোখরো/জাত সাপ, কেউটে/কালাচ, শঙ্খিনী, রাসেল ভাইপার। সাপের বিষ সাপের কাছেও অত্যন্ত মূল্যবান। খুব বিপদে না পড়লে এরা বিষ দেয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় non venomous bite অর্থাৎ কামড়ের দাগ আছে কিন্তু শরীরে বিষক্রিয়ার কোন লক্ষণ নেই। এজন্য ওঝা/কবিরাজের এত কেরামতি! # কিভাবে বুঝব বিষধর সাপ বা কামড়ালে করণীয় কি: বিষধর সাপের সাধারণত দুই দাঁতের দাগ ( Fang mark) স্পষ্ট থাকে। কামড়ের স্থানে জ্বলে, অবশ হয়ে আসে, ব্লিডিং হতে পারে। এমন হলে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং আক্রান্ত স্থানটি স্থির রাখতে হবে। কামড়ের স্থানটি পরিষ্কার পানি দিয়ে ধুতে পারেন এবং রোগীকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে দিতে পারেন, কিন্তু কোনো কিছু খাওয়ানো থেকে বিরত থাকুন, বিশেষ করে অতিরিক্ত পানি বা দুধ। কোনো প্রকার বাঁধন, মুখ দিয়ে বিষ শুষে নেওয়া বা ক্ষতস্থানে অন্য কিছু ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এগুলো ক্ষতিকর হতে পারে। # সব সাপের কামড়ে কি অ্যান্টিভেনম দিতে হবে? উত্তর হচ্ছে না। আগে দেখতে হবে রোগীর শরীরে বিষক্রিয়ার লক্ষণ আছে কিনা। কারন অ্যান্টিভেনম বেশ দামি এবং এটা তৈরি হয় সাপের বিষ থেকে। সহজ কথায় বিষে বিষে বিষক্ষয়। অ্যান্টিভেনম দিলে তীব্র এলার্জিক রিয়েকশন কিংবা প্রাণঘাতী এনাফাইলেকটিক শকের ঝুঁকি থাকে। # অ্যান্টিভেনম দেবার পরও কি রোগী মারা যেতে পারে?দাম কেমন? কয়টা দিতে হয়? উত্তর হচ্ছে হ্যাঁ পারে। সময় খুব গুরুত্বপূর্ণ। যত দেরি করে রোগী হসপাতালে আসবে তত বেশি ঝুঁকি বাড়বে। একজনকে ১০ ভায়াল দিতে হয়। একেকটা ইনজেকশন ১৪০০ টাকা করে। # বাচ্চাদের জন্য ডোজ কি একই? উত্তর হচ্ছে হ্যা। কারণ সাপ ছোট/বড় হিসেবে বিষ দেয় না। # সাপে কামড়ানোর কত সময় পরে রোগীর শরীরে লক্ষ্মণ প্রকাশ পায়? কিছু বিষয়ের উপর এটা নির্ভর করে যেমন কোথায় কামড় দিয়েছে বা কতটুকু বিষ দিয়েছে। সাধারণত ৩০ মিনিট থেকে ২ ঘন্টা। তবে সাপের কামড়ের সাথে সাথে মারা যাবার কোন রেকর্ড নেই। # কোন সাপের কামড়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়? আমাদের এলাকায় কান্দল/ কেউটে/ কাল সাপের কামড়ে বেশি মৃত্যু হয়। কারণ এরা বাসা বাড়িতে বিশেষত মাটির ঘরে থাকতে পছন্দ করে। খুব দ্রুত চলে বলে অনেক সময় সাপ দেখা যায় না ইদুরের কামড় বলে ভুল করে থাকে। আনেক বাচ্চাদের ঘুমের মধ্যে কামড়ায়। মজার ব্যাপার সাপ খুব ভীতু প্রাণী। খুব বিপদে না পড়লে কামড়ায় না। অন্যান্য প্রাণীর মতন কাউকে সাপ তাড়া করে কামড় দিয়েছে এমন রেকর্ড নেই। আর সব সাপ কিন্তু ফণা তোলে হোক সে বিষধর/ নির্বিষ। @ ডা. তানভীর জামান প্রতীক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কোটচাঁদপুর, ঝিনাইদহ।