24/04/2024
“পঁয়ত্রিশের অধিক বয়স”
এস. এম. সুরুজ আলম
ছন্দ: অক্ষরবৃত্ত (১০+৯)
লেখার তারিখ: ২১-০৪-২০২৪ খ্রি.
পঁয়ত্রিশের অধিক বয়স সময়টা খুবই ভয়াবহ,
ঘটে যায় রোজ কত কিছু জীবন হয় দুর্বিষহ।
জীবনের শৌর্য দীপ্ত ক্ষণ বলে থাকে না হায়! কিছু,
মহা সম্পদ হারিয়ে যায় কষ্ট নেয় সবার পিছু।
অমূল্য রতন বাবা-মাকে হারাতে হয় এ সময়ে,
রক্তের সম্পর্ক হয় শব্দ শুধু যায় বিলীন হয়ে।
ভাই-বোনের সম্পর্কে চিড় ধরে অর্থ প্রাধান্য পায়,
ভালবাসা থাকে মুখে মুখে অন্তর তো দেয় না সায়।
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় সদা,
বার্ধক্য প্রতিনিয়ত দেয় হাতছানি চলতে-ফিরতে বাঁধা।
শরীরে নানান রোগ বাসা বাঁধে থাকে না মনে শান্তি,
অবসন্ন মনে হারানোর স্মৃতি শরীর জুড়ে ক্লান্তি।
বন্ধু-বান্ধব হারিয়ে যায় হতে হয় বড়ই একা,
নিজেকে লুকিয়ে চলতে হয় সদা সবকিছু লাগে ফাঁকা।
আপন মানুষ কমে যায় সংকীর্ণ হয় ধরাতল,
শুধু অন্যের জন্যই বাঁচা জীবন হয় জাঁতাকল।
সুখ পাখি উড়ে যায় আসে না তো মনে বসন্ত আর,
ভাই-বোনের খুনসুটি হয় শুধুই স্মৃতির পাহাড়।
বুক ভরা অভিমান নিয়ে কাটাতে হয় প্রতিদিন,
সময়ের ব্যবধানে বাড়ে দূরত্ব আসে না সুদিন।
পাওয়া না পাওয়ার মধ্যখানে হিসাব মিলে না তো কারও,
সবই মনে হয় মরীচিকা চারিদিক হয় জড়সড়ো।
সারাক্ষণ দীর্ঘশ্বাস নিদ্রা-জাগরণেতে বসবাস,
হরহামেশা বেড়ে যায় বুকে অতীত কে নিয়ে হাঁসফাঁস।
অকূল পাথারে হাবুডুবু খেয়ে জীবন তিক্ত হয়,
তখন মনে হয় বাবা-মা ছাড়া কেউ আপন নয়।
পাশে দাঁড়ানোর থাকে না তো কেউ শুধুই দীর্ঘশ্বাস,
ব্যর্থতার দায় কাঁধে নিয়ে করতে হয় যে বসবাস।
পঁয়ত্রিশের অধিক বয়স বিয়োগ বেদনায় কাঁদে,
পাওয়া থাকে খুবই অল্প যেন নির্মম নিয়তির ফাঁদে।
চারিপাশে শুধু হাহাকার বেঁচে থাকাটা হয় দায়,
ধূ-ধূ বালুচরে দিশেহারা চিত্ত কাঁদে যে বেদনায়।
পরকে বানাতে হয় আপন আর আপন হয় পর,
শত প্রতিকূলতা উপেক্ষা করে সাজাতে হয় ঘর।
দিন যায় কথা থেকে যায় উপলব্ধি প্রকট হয়,
ওপারে যাবার সন্ধিক্ষণেও তবুও আফসোস রয়।