14/08/2021
জাতীয় শোক দিবসঃ
আগস্ট মাস বাঙ্গালি জাতির শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙ্গালি জাতির কপালে কলংকের তিলক একেঁ দিয়েছিল এদেশীয় একদল দুর্বৃত্ত । স্বাধীন বাংলাদেশ নামক ভুখন্ডের স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দুর্বৃত্তরা সেদিন চেয়েছিল বঙ্গবন্ধুর নাম বাংলার মাটি থেকে মুছে ফেলতে ! কিন্তু যে নামটি বাঙ্গালির হৃদয়ে গাথাঁ, যে নামটি শুনে ১৯৭১ সালে এদেশের কৃষক , শ্রমিক , ছাত্রজনতা পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে মরণপণ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল, সে নামটি এত সহজে বাঙ্গালির হৃদয় থেকে মুছে যাবে নরপেশুরা সেদিন তা বুঝতে পারেনি।
যে মানুষটি একদিন আমার মতো লাখো ছাত্র জনতার মনে চেতনার উম্মেষ ঘটিয়েছিলেন, দেশপ্রেমের দীক্ষা দিয়েছিলেন , যার ভাষণ শুনে আমরা রাজনীতির পাঠ নিয়েছিলাম , রাজনীতিকে একমাত্র ধ্যান-জ্ঞান মনে করেছিলাম, স্বাধীন দেশেই মাত্র কয়েক বছরের মাথায় তাকে আমাদের হারাতে হয়েছে । সাথে হারিয়েছিলাম বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ও আমার সতীর্থ উনসত্তরের দুই বন্ধু শেখ কামাল ও সুলতানা কামাল খুকিকে। তাই আগস্ট মাসের এইদিন আসলেই আমরা শোকে মূহ্যমান হয়ে যাই ।
আমার মতো ছাত্রলীগের অনেক নেতাকর্মী যাদের বঙ্গবন্ধুর সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল , তারা জানেন বঙ্গবন্ধু কতো বড় হৃদয়ের মানুষ ছিলেন।
ছাত্রলীগের ছেলেদের তিনি কিভাবে ভালোবাসতেন । দেশপ্রেমের বীজ তিনি ছাত্রজনতার হৃদয়ে কিভাবে বুনে দিয়েছিলেন , সেই ছাত্রজনতাই বঙ্গবন্ধুর সম্মোহনী আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমরা কেমন দুর্ভাগা জাতি স্বাধীনতার মাত্র কয়েকবছরের মাথায় স্বাধীন বাংলাদেশের স্থপতি , বাঙ্গালি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়। পাকিস্তানি সামরিক জান্তারা নানা ষড়যন্ত্র করেও বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস করতে পারেনি, অথচ স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের স্থপতিকে এদেশের দুর্বৃত্তরা হত্যা করে ইতিহাসের কলংকজনক অধ্যায়ের অবতারণা করেছিল।
সেদিন দুর্বৃত্তরা মনে করেছিল জাতির জনককে হত্যা করে, তাঁর নাম নিশানা মুছে ফেলে, ইনডেমিনিটি অধ্যাদেশ জারি করে , বাংলাদেশকে অকার্যকর রাস্ট্রে পরিণত করে তারা পার পেয়ে যাবে। কিন্তু মহান সৃষ্টিকর্তা তাদের সেই মনোবাসনা পুরণ করেনি । জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আজ অনেক বেশী শক্তিশালী। সবার হৃদয়ের মণিকোটায় আজ স্থান করে নিয়েছেন বঙ্গবন্ধু, তা থাকবে কাল থেকে কালান্তরে । বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জানাই সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা।