24/06/2025
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'কে সুসংগঠিত করার লক্ষ্যে আজ ২৪ জুন ২০২৫, বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এরআগে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়ি উপজেলা মিলনায়তনে উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ফকিরের মৃত্যুবর্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
সকালে ‘জিয়া জন্মোৎসব’ পালন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারী ধোবাউড়া উপজেলায় চক্ষু শিবিরের দ্বিতীয় ধাপে বিনামূল্যে অপারেশনকৃত সুবিধা বঞ্চিত মানুষদের সাথে সাক্ষাৎ করেন, তাদের চিকিৎসার খোঁজখবর নেন ও সকলের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ভোগ নয় ত্যাগ ও নিঃস্বার্থ জনসেবার মানসিকতা নিয়ে নেতাকর্মীদের রাজনীতি করতে হবে। ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসাব কষলে রাজনীতিতে সফল হওয়া যাবে না।
দেশ ও জনগণের সেবায় নিঃস্বার্থ কাজ করার আহবান জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি জনপ্রিয় দল। গুটি কয়েক বিপথগামী নেতাকর্মীর অনৈতিক কর্মকাণ্ডের দায় বিএনপি গ্রহণ করবে না।
তিনি বলেন, আ. লীগ ক্ষমতায় থাকতে তাদের দুর্নীতিবাজ ও সন্ত্রাসী কর্মীদের পৃষ্ঠপোষকতা করেছে, বিএনপি তা করছে না এবং করবেও না। বিএনপি বিপথগামীদের বহিষ্কার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করছে।
তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী নিরপেক্ষ নির্বাচনে জনগণের ম্যানডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে। সরকার গঠন করে জনআকাঙ্ক্ষা ও জনগণের কাছে প্রদত্ত অংগীকার বাস্তবায়নে বিএনপিকে কাজ করতে হবে। এজন্য প্রয়োজন সৎ, ত্যাগী, নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ কর্মী।
সেই লক্ষে সকলকে প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক এবং একই সাথে বিএনপির দায় দায়িত্বও অনেক। রয়েছে অনেক চ্যালেঞ্জ এবং শঙ্কাও।
তিনি বলেন , নির্বাচনে বিজয়ী হয়ে জনপ্রিয়তা ধরে রেখে জনপ্রত্যাশা ও অঙ্গীকার বাস্তবায়ন করতে সকলকে প্রস্তুত থাকতে হবে।
নেতাকর্মীদের “কি পেলাম“ -এমন চিন্তা পরিত্যাগ করে দেশ ও জনগণকে “কি দিতে পারছি বা কি দিলাম বা কতটুকু দিতে পারব” তা চিন্তা করতে হবে।
রাজনৈতিক নেতাকর্মীদের দেশপ্রেম ও জনসেবাই প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, জনগণই রাজনৈতিক নেতাকর্মীদের পরিবার।
তিনি আগামী নির্বাচনের জন্য ঘরে ঘরে ধানের শীষের প্রচারণা শুরু করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।