03/05/2026
প্রেস বিজ্ঞপ্তি
তারিখঃ ৩রা মে ২০২৬ইং
সড়কে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীর প্রাণহানি: নিরাপদ সড়ক নিশ্চিত ও আইন বাস্তবায়নের জোর দাবি ছাত্র ইউনিয়নের
রাজধানীর ডেমরায় উল্টো পথে আসা বেপরোয়া ট্রাকের চাপায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মাশরাফি মুস্তাকিম আলিফ (২৫)-এর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদ গভীর শোক, তীব্র ক্ষোভ ও চরম উদ্বেগ প্রকাশ করছে।
ডেমরা রোডের দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে সংঘটিত এই ঘটনা কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা নয়; এটি দেশের সড়ক ব্যবস্থার চরম ব্যর্থতা, নিয়ন্ত্রণহীন যান চলাচল, ট্রাফিক আইন অমান্যের সংস্কৃতি এবং প্রশাসনিক অব্যবস্থাপনার নির্মম প্রতিফলন। উল্টো পথে ভারী যান চলাচল, ফিটনেসবিহীন যানবাহনের অবাধ সড়ক ব্যবহার এবং বেপরোয়া গতির কারণে সড়ক আজ সাধারণ মানুষের জন্য এক অনিরাপদ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
একজন তরুণ শিক্ষার্থীর এভাবে অকালে প্রাণ হারানো কেবল একটি পরিবারের শোক নয়, বরং পুরো শিক্ষার্থী সমাজ ও জাতির জন্য গভীর বেদনার বিষয়। এই মৃত্যু আমাদের আবারও মনে করিয়ে দেয় সড়কে শৃঙ্খলা, জবাবদিহিতা ও আইন বাস্তবায়ন না থাকলে কোনো নাগরিকই নিরাপদ নয়। এই ঘটনার দায় কেবল একজন চালকের নয়, বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনা, ফিটনেসবিহীন যান চলাচল নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কার্যকর নজরদারির অভাবও এর জন্য সমানভাবে দায়ী।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি সালমান রাহাত ও সাধারণ সম্পাদক প্রিজম ফকির এক যৌথ বিবৃতিতে বলেন, সড়কে উল্টো পথে যান চলাচল, ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের অবাধ ব্যবহার, বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে এখনই কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দীর্ঘদিন ধরে সড়ক খাতে যে অনিয়ম ও দায়হীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, তা ভেঙে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া সড়ক নিরাপদ করা সম্ভব নয়।
তারা আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে নিয়মিত ও বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা, অবৈধ যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করা, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং পরিবহন খাতে সিন্ডিকেট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসাথে সড়কে আধুনিক নজরদারি ব্যবস্থা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন স্পষ্টভাবে মনে করে, প্রতিটি সড়ক দুর্ঘটনা আসলে একটি প্রতিরোধযোগ্য মৃত্যু। কিন্তু রাষ্ট্রীয় উদাসীনতা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব মৃত্যু বারবার ঘটছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি সড়কে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং প্রতিটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদ নিহত শিক্ষার্থী মাশরাফি মুস্তাকিম আলিফের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
বার্তা প্রেরক;
ইব্রাহিম সিকদার
সদস্য
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
ঢাকা মহানগর সংসদ