14/09/2026
সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন ও ইসলামি শরীয়াহ
সম্প্রতি সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বা হেবা আইন নিয়ে দেশের সাধারণ মানুষ এবং আলেম সমাজের মধ্যে ব্যাপক আলোচনা-পর্যালোচনা চলছে। এই প্রসঙ্গে জমিয়ত মহাসচিব মাওলানা ড.গোলাম মহিউদ্দীন ইকরাম সাহেব একটি বক্তব্য নিয়ে অনেকের মনে কৌতূহল ও প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বক্তব্যে স্পষ্ট করে বলেছেন যে, সরকার যে আইন বা ধারা তৈরি করতে যাচ্ছে, সেখানে কোরআন-সুন্নাহ্ বিরোধী কিছু নেই।
একজন হাফেজ, মাওলানা, মুফতি ও ড. হিসেবে তিনি বিষয়টি অত্যন্ত গভীরভাবে দেখেই এমন মন্তব্য করেছেন। তিনি মূলত বুঝাতে চেয়েছেন সরকার কোনো অকাট্য ইসলামিক বিধানকে সরাসরি বাতিল করছে না, বরং এর অপব্যবহার ও জালিয়াতি রোধে কিছু প্রশাসনিক শর্ত বা আইনি সুরক্ষা যুক্ত করছে। তিনি আরো জানিয়েছেন, এই বিষয়ে তিনি তার দলের নেতৃবৃন্দকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি এবং আইনমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বারবার বসেছেন। সরকারের পক্ষ থেকেও আশ্বস্ত করা হয়েছে যে, তারা সরাসরি কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না।
তবে সাধারণ মানুষ ও ইসলামের অনুসারী হিসেবে আমাদের মনে একটি মৌলিক প্রশ্ন জাগতেই পারে—কোরআনের দেওয়া সম্পত্তি বণ্টনের (মিরাস ও হেবা) আইন এবং সম্প্রতি তৈরি হওয়া সরকারি আইন কি সম্পূর্ণ এক বা সামঞ্জস্যপূর্ণ? Islamic Shariah অনুযায়ী, হেবা বা দান সম্পন্ন হওয়ার পর দাতা সাধারণত তার মালিকানা ও দখল হারিয়ে ফেলেন। কিন্তু নতুন কিছু আইনি প্রস্তাবনায়—জীবদ্দশায় দান করার পরও দাতার আজীবন ভোগদখলের অধিকার বা জালিয়াতি রোধের মতো কিছু প্রশাসনিক বিষয় নিয়ে আসা হচ্ছে।
যেহেতু বিষয়টি সরাসরি মুসলিম পারিবারিক আইন এবং ধর্মীয় বিধানের সাথে জড়িত, তাই এই আইনটি নিয়ে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, মুফতি সাহেব এবং আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যৌথ 'শরীয়াহ বোর্ড' গঠন করে চুলচেরা আলোচনা-পর্যালোচনা করা এখন সময়ের দাবি। কোরআন-সুন্নাহ্ র আইনের সাথে যেন কোনোভাবেই রাষ্ট্রীয় আইনের সাংঘর্ষিক অবস্থা তৈরি না হয়, সেদিকে লক্ষ্য রাখা আমাদের সকলের দায়িত্ব।
ড.গোলাম মহিউদ্দীন ইকরাম সাহেবের বক্তব্যটিকে ইতিবাচক আইনি দৃষ্টিকোণ থেকে দেখার পাশাপাশি, দেশের শীর্ষ আলেমদের সম্মিলিত মতামত ও দিকনির্দেশনাই কেবল সাধারণ মানুষের মন থেকে এই বিভ্রান্তি দূর করতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং রাষ্ট্রীয় ও ধর্মীয় বিধানের সুন্দর সমন্বয়ের তৌফিক দিন। আমীন