15/08/2023
রাজাকার, আর মুক্তিযােদ্ধা শুধু ব্যক্তি নয়; তারা দুটি বিপরীত আদর্শ। প্রগতি, মুক্তি, স্বাধীনতা, কল্যাণের নাম মুক্তিযােদ্ধা; প্রতিক্রিয়াশীলতা, অধীনতা, মধ্যযুগীয় বর্বরতা, মনুষ্যত্বশূন্যতার নাম রাজাকার। রাজাকার হওয়া সহজ, কঠিন মুক্তিযােদ্ধা হওয়া। মুক্তিযুদ্ধে অংশ নিলে কেউ মুক্তিযোদ্ধা হয় না, মুক্তিযােদ্ধা হওয়ার জন্যে অপরিহার্য প্রগতি, মুক্তি, স্বাধীনতা, কল্যাণে অটল, আপোষহীন বিশ্বাস। একবার রাজাকার মানে চিরকাল রাজাকার; কিন্তু একবার মুক্তিযােদ্ধা মানেই চিরকাল মুক্তিযোদ্ধা নয়।
একাত্তরে এমন ছিলাে না। রাজাকারদের দখলে ছিলাে কয়েকটি ভবন, রাস্তা ও এলাকা ও কয়েকটি পত্রিকা। এর বেশি কিছু তারা দখল করতে পারেনি। এখন তারা দখল করেছে সব। বাস্তব জগতটি তারা দখল করেছে, এটা খুবই মারাত্মক; তবে এর চেয়েও ভয়াবহ হচ্ছে তারা অবাস্তব জগতটি; – আমাদের স্বপ্ন, কামনা, সৃষ্টিশীলতা ও মননশীলতার এলাকাটিও দখল করতে যাচ্ছে। বাঙলাদেশের বাস্তবতা ও স্বপ্নলােক জুড়ে সারাক্ষণ কাজ করে চলছে রাজাকাররা।
---- হুমায়ুন আজাদ