04/06/2026
ঢাকার রাস্তায় এআই জাদু, বসবে সব সিগন্যালে......
রাজধানীর কারওয়ান বাজার মোড়। এখানে এসে মিলেছে চারটি সড়ক। তিনটি সড়কের মুখে থেমে আছে গাড়ি। শুধু বাংলামোটর থেকে ফার্মগেটমুখী সড়কে যানবাহন চলছে।
দুই মিনিট এভাবে চলার পর বিপরীত পাশের রাস্তায় থাকা ট্রাফিকের লালবাতি জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে থেমে গেল যানবাহন। শুধু থামেইনি, যানবাহনগুলো ‘স্টপ লাইনের’ (সাদা রঙের দাগ, যা আগে গাড়ি থামাতে হয়) ভেতরেই ছিল।
কদিন আগেও এ সিগন্যালে গাড়ি থামাতে ট্রাফিক পুলিশের সদস্যদের রীতিমতো ছোটাছুটি করতে হতো। এখন সেটা লাগছে না। ট্রাফিক আইন মানাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্যামেরা বসানোর পর থেকেই এ পরিবর্তন।রাজধানীর ৩০টি মোড় বা ক্রসিংয়ে এই ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনকে জরিমানা করা হচ্ছে। ভয়ে চালকেরা আইন মানছেন।
কারওয়ান বাজার মোড়ে গত বুধবার রাতে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্য ছোটন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আগে গাড়ি থামাতে যুদ্ধ করতে হতো। এখন লাল বাতি জ্বলে উঠলেই থেমে যাচ্ছে। শান্তিতে দায়িত্ব পালন করতে পারছি। তবে ব্যাটারিচালিত রিকশাগুলো সমস্যা সৃষ্টি করছে।’ঢাকার বিভিন্ন মোড়ে ৭ মে থেকে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এআইভিত্তিক ক্যামেরায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন শনাক্ত করার সফটওয়্যার সংযোজন করা হয়েছে। সফটওয়্যারের দেওয়া নির্দেশনা অনুযায়ী, আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে সেই গাড়ি শনাক্ত করছে ক্যামেরা। সে অনুযায়ী, সংশ্লিষ্ট গাড়ির মালিকের নামে ডিজিটালি মামলা দেওয়া হচ্ছে।
ডিএমপি সদর দপ্তরে গত ২৯ এপ্রিল পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এ সফটওয়্যার উদ্বোধন করেন। এরপর ৩ মে গণবিজ্ঞপ্তির মাধ্যমে চালক ও গাড়ির মালিকদের ‘ভিডিও ফুটেজের মাধ্যমে ট্রাফিক মামলার’ বিষয়ে সতর্ক করা হয়। ৭ মে থেকে নির্ধারিত মোড়ে স্বয়ংক্রিয় মামলা কার্যক্রম শুরু করে পুলিশ।
ট্রাফিক পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন চালকদের অনেকেই। গত বুধবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সবুজবাতি জ্বলার অপেক্ষায় ছিলেন মাইক্রোবাসচালক মো. মহিউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তবে লালবাতি জ্বলা অবস্থায় মাঝেমধ্যে ট্রাফিক সদস্যরা যানবাহন ছেড়ে দিচ্ছেন। তখন চলতে গেলে মামলা হবে কি না, তা বুঝতে পারছি না।’
Stay with Dwellers of Dhaka-DhakaBashi
PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়
Tarique Rahman