18/05/2026
বাংলাদেশে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা-বেইজিং সম্পর্ক রাজনৈতিক পর্যায়ে আরও ঘনিষ্ঠ হয়েছে। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগামী জুনের শেষ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরে নিতে আগ্রহী বেইজিং। প্রস্তাবিত এই সফর দুই দিনের বেশি হতে পারে বলে জানা গেছে।
সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সফরের তারিখ এখনো চূড়ান্ত না হলেও প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বেইজিং পৌঁছানোর দিনই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিন ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক হতে পারে।
আলোচনায় রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা ও অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দেওয়া হতে পারে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, চীনা শিল্প স্থানান্তর, অর্থনৈতিক অঞ্চল চালু, তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং গুয়াংজু–চট্টগ্রাম ও সাংহাই–চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালুর বিষয়গুলো গুরুত্ব পাবে।
#সবারআগেবাংলাদেশ