03/01/2026
স্মোক রিডিং (Smoke Reading):
Smoke Reading বলতে আগুন লাগার সময় উৎপন্ন ধোঁয়ার রং, ঘনত্ব, গতি, চাপ ও আচরণ পর্যবেক্ষণ করে আগুনের অবস্থা, বিস্তার ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ধারণা নেওয়ার প্রক্রিয়াকে বোঝায়। এটি ফায়ার ফাইটারদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল, কারণ ধোঁয়াই অনেক সময় আগুনের প্রকৃত অবস্থা সম্পর্কে ফায়ারফাইটারদের পূর্বাভাস দিয়ে থাকে।
Smoke Reading কেন জরুরি?
* আগুনের তীব্রতা ও অবস্থান অনুমান করা যায়
* ফ্ল্যাশওভার বা ব্যাকড্রাফটের সম্ভাবনা বোঝা যায়
* ভেতরে প্রবেশ করা নিরাপদ কিনা সিদ্ধান্ত নেওয়া যায়
* ভেন্টিলেশন কৌশল নির্ধারণে সহায়তা করে
* ফায়ার ফাইটারদের জীবন রক্ষা করে
স্মোক রিডিং-এর মূল ভিত্তি:
স্মোক রিডিং করার সময় মূলত ধোঁয়ার ৪টি প্রধান বৈশিষ্ট্য বা উপাদান বিশ্লেষণ করতে হয়। যথা-
১. সাইজ (Size/Volume): ধোঁয়ার পরিমাণ (কম, মাঝারি, বেশি) থেকে বোঝা যায় আগুন কতটা বড় এবং কতটা জ্বালানি পুড়ছে। প্রচুর ধোঁয়া মানে বড় আগুন।
২. স্পিড (Speed/Velocity): ধোঁয়া কত দ্রুত বের হচ্ছে বা ছড়িয়ে পড়ছে। ধোঁয়া ধীরে বের হওয়া মানে আগুন নিয়ন্ত্রিত বা ছোট। ধোঁয়া দ্রুত ও চাপ নিয়ে বের হওয়া মানে আগুন দ্রুত বিস্তার লাভ করছে। দ্রুত গতির ধোঁয়া মানে ভিতরে প্রচণ্ড তাপ ও চাপ।
৩. শেপ (Shape/Density): ধোঁয়ার ঘনত্ব বা আকার। ধোঁয়া হালকা ও পাতলা অর্থ আগুন কম বা আগুনের উৎস আরও দূরে বা গভীরে। ঘন ও ভারী ধোঁয়া অর্থ উচ্চ তাপমাত্রা ও অসম্পূর্ণ দহন। ঘন ধোঁয়া মানে অক্সিজেন কম এবং বিস্ফোরণের ঝুঁকি বেশি।
৪. কালার (Color):
* সাদা ধোঁয়া (White Smoke): এটি সাধারণত আগুনের শুরুর দিকে দেখা যায়। এটি নির্দেশ করে যে জ্বালানি গরম হচ্ছে কিন্তু এখনো পুড়ছে না (Pyrolysis)। এটি শুরুর দিকের প্রজ্বলন বাষ্প বা অপূর্ণ দহন থেকে হতে পারে।
বিপদ: যদিও এটি কম বিপজ্জনক মনে হয়, তবে উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের অভাবে সাদা ধোঁয়া হঠাৎ কালো হয়ে যেতে পারে (incomplete combustion), যা বিস্ফোরণের ঝুঁকি তৈরি করে।
* ঘন কালো ধোঁয়া (Black Smoke): এটি অপূর্ণ দহনের (Incomplete Combustion) লক্ষণ। আগুনে প্রচুর জ্বালানি আছে কিন্তু পর্যাপ্ত অক্সিজেন নেই। কৃত্রিম বস্তু যেমন প্লাস্টিক, রাবার, সিন্থেটিক বা পেট্রোলিয়াম পোড়ালে সাধারণত কালো ধোঁয়া হয়।
বিপদ: কালো ধোঁয়া আগুনকে অত্যন্ত উত্তপ্ত এবং অনিয়ন্ত্রিত করে তোলে। ঘন কালো ধোঁয়া জানালার বাইরে বের হলে বোঝা যায় ঘরের ভেতরে তাপমাত্রা অনেক বেশি এবং যেকোনো মুহূর্তে ফ্ল্যাশওভার (Flashover) ঘটতে পারে।
* হালকা বাদামী বা হলুদাভ ধোঁয়া (Tan/Brown/Yellow Smoke):
এটি সাধারণত প্রাকৃতিক জিনিস যেমন কাঠ, কাগজ বা তুলা পোড়ার ফলে হয়। আগুনটি সম্ভবত ভেন্টিলেশন বা অক্সিজেন পাচ্ছে এবং নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় আছে।
বিপদ: যদি ধোঁয়ার চাপ বেশি থাকে এবং এটি দ্রুত ছড়ায়, তবে আগুন খুব শক্তিশালী হতে পারে।
* ধূসর ধোঁয়া (Gray Smoke): এটি সাধারণত মিশ্র উপাদান পোড়ার ফলে হয়। যদি ধোঁয়া কালো থেকে ধূসরে পরিবর্তিত হয়, তবে বোঝা যায় আগুন কমে আসছে বা জ্বালানি শেষ হয়ে আসছে। তবে হালকা ধূসর ধোঁয়া উচ্চ তাপমাত্রার কারণেও হতে পারে।
আবদ্ধ কক্ষে কালো বা ধূসর ধোঁয়া (Trapped and black or Gray smoke): Decay Stage-এ অক্সিজেন স্বল্পতা, উচ্চ তাপ ও ব্যাকড্রাফট-এর সম্ভাবনা। এখানে Puffing smoke (দরজা-জানালার ছোট ফাঁকা দিয়ে ধোঁয়া একবার বের হওয়া ও আবার ভিতরে ঢুকে যাওয়া) দেখা দিলে ফায়ারফাইটারগণ একটু অসাবধান হলে হঠাৎ দরজা জানালা খুললেই ব্যাকড্রাফট হবে।
ফায়ারফাইটারদের জন্য করণীয়:
*প্রবেশের আগে বাইরে দাঁড়িয়ে ধোঁয়া বিশ্লেষণ;
*প্রয়োজন অনুযায়ী ভেন্টিলেশন পরিকল্পনা;
*SCBA ছাড়া কখনো ধোঁয়ার মধ্যে প্রবেশ নয়;
*Smoke reading অনুযায়ী অ্যাটাক স্ট্র্যাটেজি পরিবর্তন।