কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে ডুলাহাজারা রিজার্ভ ফরেস্ট ব্লকের মনোরম প্রাকুতিক চিরহরিৎ বনাঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কটি অবস্থিত। এক সময় এখানকার চির সবুজ বনাঞ্চল ছিলো গগনচুম্বি গর্জন, বৈলাম, তেলসুর, সিভিট, চাপালিশ, চম্পাফুল ও বিবিধ লতাগুল্ম সমৃদ্ধ এবং বনাঞ্চলে দেখা যেত হাতি,বাঘ,হরিণ,ভাল্লুক,বানরসহ অসংখ্য প্রজাতির পাখি ও সরীসৃপের অবাধ বিচরণ। উক্ত
স্থানে তৎকালীন কক্সবাজার বনবিভাগ কর্তৃক ৪২.৫ হেক্টর এলাকা নিয়ে ১৯৮২ সালে একটি হরিণ প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং অবৈধ শিকার ও পাচারের ফলে এ বনাঞ্চলের অসংখ্য উদ্ভিদ ও বন্যপ্রাণী হারিয়ে যেতে থাকে। উচু নিচু টিলা সমৃদ্ধ চির সবুজ এই বনাঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণে ও বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়নের লক্ষ্যে শিক্ষা,গবেষণা ওপরিবেশ বান্ধব পর্যটনের মাধ্যমে চিত্ত বিনোদন সহ আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষে উক্ত হরিণ প্রজনন কেন্দ্রটির পরিসর বৃদ্ধি করে ৩০০ হেক্টর এলাকা নিয়ে ২০০১ সালে দেশের প্রথম সাফারী পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, কক্সবাজার এর যাত্রা শুরু হয়।