10/04/2026
নারী সহকর্মীদের প্রতি আচরণ: আমার ভাবনা
কর্মক্ষেত্রে নারী সহকর্মীদের সাথে কী ধরনের আচরণ করা উচিত?
ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘ কর্মজীবনের আলোকে এ ব্যাপারে আমার ভাবনা তুলে ধরলাম।
১) গুড ফিলিং
"মাতৃত্বকালীন ছুটি শেষে আপনাকে কর্মক্ষেত্রে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আপনি এবং আপনার নবজাত সন্তানের জন্য মঙ্গল কামনা করছি।"
বত্রিশ বছর আগে আমাদের চাকরির প্রথমদিকে একজন মহিলা সহকর্মী মাতৃত্বকালীন ছুটিতে গিয়েছিলেন। তিনি যখন ছুটি শেষে অফিসে যোগ দিলেন, তখন কর কমিশনার মোহাম্মদউল্লাহ স্যার তাঁকে কয়েক বাক্যের একটি অনানুষ্ঠানিক পত্র দিয়েছিলেন। তাতে উপরের কথাগুলো লেখা ছিল।
আমার সে সহকর্মী এখনো বলেন—‘মোহাম্মদউল্লাহ স্যার আমাকে যে গুড ফিলিং দিয়েছিলেন, তা আমি কখনো ভুলব না।’
নারী সহকর্মীদের অফিসে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা পুরুষ সহকর্মীদের অন্যতম দায়িত্ব। কারণ ‘অস্বস্তিবোধ’ কর্মক্ষেত্রে নারীদের জন্য অন্যতম বিড়ম্বনা।
২) সমানভাবে বিচার করা
মহিলা সহকর্মীদের আন্ডারএস্টিমেট কখনোই করা উচিত নয়। তাঁরাও যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েই চাকরিতে এসেছেন। তাঁদের যোগ্যতার স্বীকৃতি দিতে হবে। নারী বলে তাঁদের খাটো করা যাবে না।
৩) পেশাদার আচরণ
মহিলা সহকর্মীদের সঙ্গে শতভাগ প্রফেশনাল আচরণ করা খুবই জরুরি। পারস্পরিক মেলামেশা ও কথাবার্তা হবে পুরোপুরি প্রফেশনাল। এতে উভয়ের ব্যক্তিত্ব ও সম্মান বজায় থাকে।
অফিসিয়াল সম্পর্কের বাইরে যদি ব্যক্তিগত বন্ধুত্ব গড়ে ওঠে—তা অবশ্যই শোভন হতে হবে। তাছাড়া, উভয়ের পরিবারকেও এ বন্ধুত্বের অংশ করা উচিত—যাতে জটিলতা না হয়।
৪) অশোভন আচরণ
এধরনের আচরণ খুবই আপত্তিকর। ভদ্রতার পরিপন্থী এবং একই সঙ্গে আইনবিরুদ্ধ। তাই প্রত্যেক নারী সহকর্মীর সঙ্গে সর্বোচ্চ শালীন আচরণ করা আবশ্যিক কর্তব্য।
৫) ব্যক্তিগত মন্তব্য ও প্রশ্ন
তাঁদের উদ্দেশ্যে ব্যক্তিগত মন্তব্য, যেমন—‘আপনাকে খুব সুন্দর লাগছে’, কিংবা 'আপনি দিন দিন সুন্দর হচ্ছেন'—এগুলো পুরোপুরি অপেশাদার। শুনতে কমপ্লিমেন্ট মনে হলেও অগ্রহণ্যোগ্য। সাধারণত এধরনের মন্তব্য মহিলা সহকর্মীরা ভালোভাবে নেন না। তাই অনেক প্রতিষ্ঠানে এধরনের মন্তব্য নিষিদ্ধ।
এ ছাড়া তাঁদের কোনো ব্যক্তিগত প্রশ্নও করা উচিত নয়।
৬) প্রাইভেসিতে নাক না গলানো
এটা চূড়ান্ত অভদ্রতা। কখনোই একজন নারী সহকর্মীর ব্যক্তিগত ব্যাপার নিয়ে পুরুষ সহকর্মীর মাথা ঘামানো উচিত নয়।
এটা শুধু অস্বস্তি তৈরি করে না—অফিসের পরিবেশও খারাপ করে।
৭) লাঞ্চ বা ডিনারে না ডাকা
কোনো নারী সহকর্মীকে একান্ত ব্যক্তিগতভাবে লাঞ্চ বা ডিনারে আমন্ত্রণ জানানো উচিত নয়। এতে তাঁরা খুবই বিব্রত হতে পারেন।
যদি ডাকতেই হয়, পারিবারিকভাবে ডাকা উচিত।
৮) অফিস শেষে বা ছুটির দিনে ফোন না করা
খুব জরুরি না হলে মহিলা সহকর্মীদের অফিস সময় শেষে বা ছুটির দিনে ফোন করা উচিত নয়।
স্ট্যান্ডার্ড নিয়ম হলো—যদি ফোন করতেই হয়, তবে প্রথমে অসময়ে ফোন করার জন্য দুঃখ প্রকাশ করে মূল বিষয়ে যেতে হবে।
৯) লিমিটেড ইনবক্স
কাজের প্রয়োজনে অনেক সময় মহিলা সহকর্মীদের মেসেজ দিতে হয়। কিন্তু তা যেন অবশ্যই অফিসিয়াল ব্যাপারে সীমাবদ্ধ থাকে।
অফিসের গ্রুপ চ্যাটবক্স থাকা উচিত, যেখানে সবার সঙ্গে পেশাগত আলোচনা হবে। কাউকে ব্যক্তিগতভাবে মেসেজ দিতে হলে, তা শতভাগ পরিচ্ছন্ন ও প্রাসঙ্গিক হতে হবে।
১০) উপহার প্রদান না করা
কর্মক্ষেত্রে নারী সহকর্মীদের কোনো উপহার না দেওয়াই ভালো। অনেক প্রতিষ্ঠানে এ বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে, যা উভয়ের জন্য প্রযোজ্য। খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক থাকলে উপহার দেওয়া যেতে পারে- সেক্ষেত্রে এমনভাবে তা দিতে হবে যাতে অস্বস্তির কারণ সৃষ্টি না হয়।
সবার কর্মজীবন আনন্দের হোক।
#আসুনমায়াছড়াই