07/05/2026
“Certificate Course in Expressive Psychotherapy”
এর সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
====================
গত ০৬ মে ২০২৬, চট্টগ্রামের মমতা অডিটোরিয়াম-এ অনুষ্ঠিত হলো মমতা প্রশিক্ষণ, মূল্যায়ণ ও গবেষণা বিভাগ আয়োজিত এবং বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট (BTTI) পরিচালিত ৩ মাসব্যাপী “Certificate Course in Expressive Psychotherapy” এর সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিক আহামদ। তিনি তার বক্তব্যে মানসিক স্বাস্থ্য, মানবিক সংযোগ এবং সৃজনশীল মনোসামাজিক সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সময়ের নানা সামাজিক ও মানবিক সংকটে কর্মীদের মানবিক দক্ষতা ও সহমর্মিতামূলক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ফারুক। তিনি প্রশিক্ষণার্থীদের আন্তরিক অংশগ্রহণের প্রশংসা করেন এবং এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল যাত্রা, স্বপ্না তালুকদার, নাহিদ ফারহানা ফারুকী, এম এম এরশাদ এবং আহমদ ইউসুফ হারুন।
বক্তব্যে মোস্তফা কামাল যাত্রা বলেন, “এক্সপ্রেসিভ সাইকোথেরাপি কেবল একটি প্রশিক্ষণ প্রক্রিয়া নয়; এটি মানুষের অভিজ্ঞতা, আবেগ ও সম্পর্ককে সৃজনশীলভাবে বোঝা এবং নিরাময়ের একটি মানবিক যাত্রা। বর্তমান সময়ে কমিউনিটি পর্যায়ে কর্মরত ব্যক্তিদের জন্য সহমর্মিতা, সক্রিয় শোনা এবং সৃজনশীল সাইকোসোশাল দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু কিছু টুলস শিখেননি, বরং নিজেদের ভেতরের মানবিক সক্ষমতাকেও নতুনভাবে আবিষ্কার করেছেন।”
অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত Playback Theatre অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, অনুভূতি ও মানবিক গল্প সৃজনশীলভাবে উপস্থাপন করেন।
প্রশিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ শাহ আলম, প্রশিক্ষক ও সমন্বয়কারী, বিটিটিআই। তিনি কোর্সটির উদ্দেশ্য, অংশগ্রহণমূলক শিক্ষণ প্রক্রিয়া এবং সাইকোসোশাল কেয়ার ও এক্সপ্রেসিভ সাইকোথেরাপির গুরুত্ব তুলে ধরেন।
অংশগ্রহণকারীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন পলি দত্ত, প্রবীর কুমার দাশ এবং মুজতাহিদা কাউসার। তারা প্রশিক্ষণের অভিজ্ঞতা, ব্যক্তিগত পরিবর্তন এবং পেশাগত কাজে এর প্রয়োগ নিয়ে অনুভূতি ব্যক্ত করেন।
সবশেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
উল্লেখ্য, মমতা’র কর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় আয়োজিত এই ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা কামাল যাত্রা, এ এল এম রেজা আজীজ, ওবায়দুল ইসলাম মুন্না, মুহাম্মদ শাহ আলম, সাজেদা আকতার সাজু এবং মোহিনী সংগীত সিনহা। কোর্সটিতে মমতা’র বিভিন্ন পর্যায়ের ২০ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন, ব্যবস্থাপক: অর্থ ও প্রশাসন, উৎস। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবীর পাল, সমন্বয়কারী, মমতা।