20/08/2026
১৩ই আগস্ট, ২০২৬
আজ সরকারি সিটি কলেজ বিএনসিসি ইউনিট, চট্টগ্রাম-এর উদ্যোগে কলেজ প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখার লক্ষ্যে বিএনসিসি ক্যাডেটরা কলেজের বিভিন্ন ভবন ও প্রাঙ্গণে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে কলেজের প্রতিটি ভবন, শ্রেণিকক্ষের আশপাশ, বারান্দা, ছাদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
বিশেষভাবে টব, বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি এবং ময়লা অপসারণ করা হয়, যাতে সেখানে এডিস মশার বংশবিস্তার না করতে পারে। সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করার পাশাপাশি মশক নিধনে কীটনাশক ও মশার ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে কলেজের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে সবাইকে সচেতন করা হয়।
এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল শুধু মশক নিধন নয়; বরং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা এবং একটি নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন নিশ্চিত করা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজ, চট্টগ্রামের মাননীয় অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন স্যার, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলমগীর স্যার, শিক্ষক পরিষদ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন স্যার এবং শিক্ষকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনসিসির ৭নং প্লাটুন কমান্ডার পিইউও জনাব মোহাম্মদ সাঈদুজ্জামান স্যার ও ৯নং প্লাটুন কমান্ডার পিইউও জনাব মোহাম্মদ ইমাম হোসাইন স্যার (ভারপ্রাপ্ত)।
তাঁদের দিকনির্দেশনা ও উপস্থিতিতে বিএনসিসি ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণে সম্পন্ন হয় এই গুরুত্বপূর্ণ সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।
আজকের পরিচ্ছন্নতা হতে পারে আগামী দিনের নিরাপত্তা। তাই নিজে পরিচ্ছন্ন থাকি, আশপাশ পরিচ্ছন্ন রাখি এবং মশার প্রজননস্থল ধ্বংস করি।