27/03/2026
সড়কে জননিরাপত্তায় অবহেলা ও ব্যাপক প্রাণহানির ঘটনায় বিএফজেপির উদ্বেগ।
প্রেস বিজ্ঞপ্তিঃ
===========
ঈদযাত্রায় সংঘটিত একের পর এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি (বিএফজেপি) গভীর উদ্বেগ জানিয়েছে।
এক বার্তায় দলের প্রেসিডেন্ট মোঃ ইলিয়াছ মিয়া বলেন- দেশের সড়ক, রেল ও নৌপথের ভয়াবহ অনিরাপদ চিত্র নগ্নভাবে উন্মোচিত হয়েছে এইবারের ঈদযাত্রায়। রাজবাড়ীর দৌলতদিয়ায় ঢাকাগামী একটি বাস ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়ার ঘটনায় ২৬ জন যাত্রীর মৃত্যু এবং সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২০০ জনের অধিক প্রাণহানি প্রমাণ করে যে আমাদের যোগাযোগ ব্যবস্থায় চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা বিরাজ করছে।
তিনি আরও বলেন, এই হৃদয়বিদারক ঘটনাগুলোতে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহর কাছে তাদের রুগের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বিএফজেপি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলেও তা আজ মারাত্মকভাবে উপেক্ষিত হচ্ছে। ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে মানুষের যাত্রা যখন আনন্দের বদলে আতঙ্কে পরিণত হয়, তখন তা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতারই বহিঃপ্রকাশ।
তিনি সরকারের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, দক্ষ চালক নিশ্চিতকরণ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন, ফেরি ও নৌপথে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তন এবং দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সাধারণ মানুষের জীবন নিয়ে আর কোনো অবহেলা সহ্য করা হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায় সরকারকে গ্রহণ করতে হবে এবং দৃশ্যমান পরিবর্তন আনতে হবে।
প্রচারে-
মোহাম্মদ ইলিয়াছ রিয়াদ
পাবলিক রিলেশন এন্ড ক্যাম্পেইন ডিরেক্টর
বাংলাদেশ ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি (বিএফজেপি)