07/03/2026
বদর যুদ্ধ: ইতিহাসের বাঁক বদলের ঘটনা
মদিনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে বদর প্রান্তর। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে এই স্থানেই সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী যুদ্ধ—বদর যুদ্ধ। সামরিক দিক থেকে এই যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের সংখ্যা ছিল খুব কম, কিন্তু এর গুরুত্ব ছিল অপরিসীম। কোরআনে আছে. ‘আরও জেনে রাখো যে তোমাদের গনিমতে (যুদ্ধে যা লাভ করা হয় তার এক-পঞ্চমাংশ) আল্লাহর, রাসুলের, রাসুলের স্বজন, পিতৃহীন দরিদ্র ও পথচারীদের জন্য, যদি তোমরা বিশ্বাস কর আল্লাহ এবং তার ওপর যা ফুরকানের দিন (বদরের যুদ্ধের দিন) আমি আমার দাসের ওপর অবতীর্ণ করেছিলাম, যখন দুই দল পরস্পরের মোকাবিলা করছিল। আর আল্লাহ্ তো সর্ব বিষয়ে সর্বশক্তিমান।’ (সুরা আনফাল, আয়াত: ৪১)
এই দিনকে ‘ইয়াওমুল ফুরকান’ বা ‘সিদ্ধান্তের দিন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল মদিনার মুসলিম রাষ্ট্রের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠার মাইলফলক।
বদর প্রান্তর, সৌদি আরব
স্থানটির নামকরণ ‘বদর’ করার পেছনে
বদর প্রান্তরটি ডিম্বাকৃতির সুবিশাল এক এলাকা, যার প্রস্থ প্রায় সাড়ে চার মাইল। স্থানটি ছিল ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত বাণিজ্য পথের কেন্দ্রবিন্দু। মক্কা ও মদিনা থেকে আসা দুটি পথ এখানে মিলিত হতো, যা এই স্থানটিকে বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। লোহিত সাগরের নিকটবর্তী হওয়ায় এই স্থানটি আরও বেশি কৌশলগত গুরুত্ব বহন করত।
স্থানটির নামকরণ ‘বদর’ করার পেছনে একটি জনপ্রিয় ধারণা হলো, বদর বিন ইয়াখলাদ নামে এক লোক এখানে একটি কূপ খনন করেন। কূপটির পানি ছিল অত্যন্ত স্বচ্ছ; কথিত আছে যে, এখানে চাঁদের প্রতিফলন দেখা যেত। আরবি ভাষায় চাঁদকে ‘বদর’ বলা হয়, তাই এই স্থানের নাম হয় ‘বদর’। প্রাক-ইসলামি যুগে এখানে প্রতি বছর একটি বড় উৎসবও অনুষ্ঠিত হতো।
বদর যুদ্ধের পেছনে কারণ
মদিনায় হিজরতের আগে মক্কার নেতৃস্থানীয়রা মুসলমানদের বিরোধিতা করেছিলেন। তবে বদর যুদ্ধের পেছনে একাধিক কারণ কাজ করেছিল। দ্বিতীয় হিজরি সনের রজব মাসে মক্কার এক গোত্র প্রধান আমর বিন আল-হাদরামি দুর্ঘটনাবশত মুসলমানদের হাতে নিহত হন। নবীজি (সা.) এই হত্যার জন্য ক্ষতিপূরণ দিলেও মক্কার কুরাইশ নেতারা এই ঘটনায় ক্ষুব্ধ হন। ইতিহাসবিদ ইবনে খালদুনের মতে, এই ঘটনাই বদর যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে।
এরপর শাবান মাসে আরেকটি ঘটনা ঘটে। সিরিয়া থেকে মক্কায় আসা কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সম্পর্কে গুজব ছড়িয়ে পড়ে যে মুসলমানরা এটিকে আক্রমণ করতে চায়। কাফেলার নেতা আবু সুফিয়ান সাহায্যের জন্য মক্কায় খবর পাঠান। মক্কা থেকে কুরাইশদের একটি বড় দল মদিনার দিকে অগ্রসর হয়। যদিও কাফেলা নিরাপদে মক্কায় পৌঁছে গিয়েছিল, তবুও আবু জাহলের প্ররোচনায় কুরাইশরা মদিনার দিকে যাত্রা অব্যাহত রাখে। ১৬ রমজান তারা বদর প্রান্তরে শিবির স্থাপন করে। তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় নয় শ থেকে এক হাজার।
বদর যুদ্ধের গুরুত্ব
১৭ রমজান, ৬২৪ খ্রিষ্টাব্দের ১৩ মার্চ, মহানবী (সা.) ৩১৩ জন সঙ্গী নিয়ে বদর প্রান্তরে পৌঁছান। যুদ্ধের আগে কুরাইশদের মধ্যে কিছু শান্তিকামী ব্যক্তি যুদ্ধ এড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আবু জাহেলের একগুঁয়েমির কারণে তা সম্ভব হয়নি।
যুদ্ধ শুরু হয় একক লড়াইয়ের মাধ্যমে, যাতে তিনজন কুরাইশ যোদ্ধা নিহত হন। এরপর শুরু হয় মল্লযুদ্ধ। মুসলিম বাহিনীর দুজন তরুণ যোদ্ধা মুয়াওজ ও মুয়াজ মক্কার নেতা আবু জাহেলকে হত্যা করেন। সংখ্যায় কম হলেও মুসলিম বাহিনী কৌশলগতভাবে কুরাইশদের ওপর অতর্কিত আক্রমণ চালায়, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। মক্কার কুরাইশ দলের যুদ্ধে ৭০ জন নিহত এবং ৭০ জনকে বন্দী করা হয়। বন্দীদের মুক্তিপণ হিসেবে চার হাজার চার শ দিরহাম বা দশজন আনসার শিশুকে শিক্ষাদানের শর্ত দেওয়া হয়।
বদর যুদ্ধের গুরুত্ব শুধু সামরিক বিজয়ে সীমাবদ্ধ ছিল না। এর রাজনৈতিক ও ধর্মীয় প্রভাব ছিল সুদূরপ্রসারী। মক্কার কুরাইশদের পরাজয় তাদের আত্মবিশ্বাস ও মর্যাদাকে ভূলুণ্ঠিত করে। যুদ্ধের পর বদরের বাণিজ্য পথ ব্যবহারের ঝুঁকি বেড়ে যায়, যা মক্কার অর্থনীতিকে ব্যাপক প্রভাবিত করে। কুরাইশদের বাণিজ্য পথ অনিরাপদ হয়ে পড়ে, ফলে অন্যান্য গোত্রের কাছে তাদের গুরুত্ব কমে যায়।
এই যুদ্ধ মুসলিম সম্প্রদায়ের আত্মবিশ্বাস ও ঐক্যকে শক্তিশালী করে। এটি ইসলামের প্রসার ও মদিনার মুসলিম রাষ্ট্রের ভিত্তি মজবুত করে। বদর যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল ইতিহাসের এক বাঁক বদলকারী ঘটনা, যা বিশ্ব ইতিহাসে ইসলামের অবস্থানকে চিরস্থায়ী করে দিয়েছে।