10/09/2026
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা এলাকার ডিমোরা হোটেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দরুদ) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল।
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর বাদ এশা আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাছের হোসাইন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুল হালিম।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মাহফিলের কার্যক্রম। কোরআন তেলাওয়াত করেন হাফেজ শাখাওয়াত হোসেন। পরে নাতে মোস্তফা পরিবেশন করেন সাজ্জাদ হোসেন ফাহিম রেজা।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা নূরুল আলম নঈমী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা খাজা মঈন উদ্দিন। এছাড়া উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও কবি আনোয়ার শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী রিয়াদের মুবাল্লিগ সৈয়দ আব্দুল হালিম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কামাল মুজাহেদী।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে প্রবাসী মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা।
মাহফিলের বিশেষ আকর্ষণ ছিল তাৎক্ষণিক ইসলামিক প্রশ্নোত্তর পর্ব। এতে উপস্থিত মুসল্লিদের বিভিন্ন ইসলামিক প্রশ্নের উত্তর দেওয়া হয়। প্রশ্নোত্তর পর্বে তিনজন বিজয়ী নির্বাচিত হলে তাদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।
এ সময় সৌদি আরবের রিয়াদে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা মাহফিলে অংশ নেন।
নাতে রাসুল, কোরআন তেলাওয়াত, ইসলামিক আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দরুদ) উপলক্ষে আয়োজিত এই আজিমুশশান মিলাদ মাহফিল।