09/05/2025
১৯৪৭ সালে ১৫ই আগস্ট স্বাধীনতার ফলে ভারত প্রজাতন্ত্র ও ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রের বিকাশ ঘটে। তারপর থেকে দুটি দেশের মধ্যে বিভিন্ন যুদ্ধ হয়। তার মধ্যে ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধে ভারত বাংলাদেশের স্বাধীনতার পক্ষ নিয়ে মিত্রবাহিনী হিসেবে ডিসেম্বরের বা স্বাধীনতার শেষ কিছুদিন যুদ্ধে অংশগ্রহণ করে।তাছাড়া ভারত বাংলাদেশ -পাকিস্তান যুদ্ধে, ভারতে চলে যাওয়া বাংলাদেশের শরনার্থীদের জন্য শরনার্থী শিবির করাসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে।মূলত ভারত- পাকিস্তানের সবগুলো যুদ্ধের মূল কারণ কাশ্মীরকে কেন্দ্র করে। এ যুদ্ধ ১৭ দিন অব্যাহত ছিল।
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ, যা তৃতীয় ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবেও পরিচিত, ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে এক সামরিক সংঘর্ষ। এই যুদ্ধটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে, ৩ ডিসেম্বর ১৯৭১ থেকে শুরু হয়ে ১৬ ডিসেম্বর ১৯৭১-এ পাকিস্তানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হয়। যুদ্ধটি পাকিস্তানের অপারেশন চেঙ্গিজ খান দিয়ে শুরু হয়, যার আওতায় পাকিস্তান ভারতীয় আটটি বিমানবন্দরে আকাশী আক্রমণ চালায়। এই আক্রমণের পর, ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতার যুদ্ধে বাঙালি জাতীয়তাবাদী শক্তির পক্ষে তাদের প্রবেশকে চিহ্নিত করে। ভারতের অংশগ্রহণ যুদ্ধের আকার বাড়িয়ে দেয়, যেখানে ভারতীয় ও পাকিস্তানি বাহিনী পূর্ব এবং পশ্চিম উভয় ফ্রন্টে সংঘর্ষে লিপ্ত হয়।যুদ্ধের মাত্র ১৩ দিনের মধ্যে ভারত স্পষ্টভাবে আধিপত্য প্রতিষ্ঠা করে, এবং ১৬ ডিসেম্বর ১৯৭১-এ পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ড ঢাকায় আত্মসমর্পণের স্মারক স্বাক্ষর করে।এর মাধ্যমে পূর্ব পাকিস্তান একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ যুদ্ধে প্রায় ৯৩,০০০ পাকিস্তানি সেনা ভারতীয় বাহিনীর হাতে বন্দী হয়, এর মধ্যে ৭৯,৬৭৬ থেকে ৮১,০০০ ছিলেন পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সদস্য, যার মধ্যে কিছু বাঙালি সেনাও ছিল যারা পাকিস্তানের প্রতি আনুগত্য বজায় রেখেছিল।বাকি ১০,৩২৪ থেকে ১২,৫০০ বন্দী ছিলেন সাধারণ নাগরিক, যারা পাকিস্তানি সেনাদের পরিবারের সদস্য অথবা পাকিস্তানের সহযোগী (রাজাকার) ছিল।
সিয়াচেন দ্বন্দ্ব ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের সিয়াচেন হিমবাহের অধিকারের জন্য সামরিক দ্বন্দ্ব। ১৯৮৪ খ্রিষ্টাব্দে ভারতের সফল সামরিক অভিযান অপারেশন মেঘদূতের মাধ্যমে এই দ্বন্দ্বের সূত্রপাত হয়।
কার্গিল যুদ্ধ বা কার্গিল সংঘর্ষ ১৯৯৯ সালের মে-জুলাই মাসে কাশ্মীরের কার্গিল জেলায় ভারত ও পাকিস্তান রাষ্ট্রের মধ্যে সংঘটিত একটি সশস্ত্র সংঘর্ষ। পাকিস্তানি ফৌজ ও কাশ্মীরি স্বাধীনতাকামি যুদ্ধারা উভয় রাষ্ট্রের মধ্যে ডি ফ্যাক্টো সীমান্তরেখা হিসেবে পরিচিত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়লে এই যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে।যুদ্ধ চলাকালীন ও যুদ্ধের অব্যবহিত পরে পাকিস্তান এই যুদ্ধের দায় সম্পূর্ণত কাশ্মীরি স্বাধীনতাকামি যুদ্ধাদের উপর চাপিয়ে দেয়। তবে যুদ্ধের পর ফেলে যাওয়া তথ্যপ্রমাণ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের পরবর্তীকালের বিবৃতি থেকে স্পষ্টতই জানা যায় যে পাকিস্তানের আধাসামরিক বাহিনীও এই যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল।এমনকি যুদ্ধের পরে নিহত এবং চিহ্নিত পাকিস্তান সেনাদের মরদেহ নিতে অস্বীকার করে পাকিস্তান সরকার, ফলে সেই সকল মৃত পাকিস্তানি সৈনিকদের ইসলামি রীতি অনুযায়ী কবর দিতে হয় ভারতকেই।এই বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল আশরাফ রাশিদ। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি ফৌজকে আক্রমণ করে। পরে সেনাবাহিনীকে সহায়তা দান করে ভারতীয় বিমানবাহিনীও। অবশেষে আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনের সাহায্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানকে ফৌজ প্রত্যাহারে বাধ্য করা হয়।