08/01/2026
এসডিপিআই-এর ৬ষ্ঠ জাতীয় প্রতিনিধি পরিষদ অনুষ্ঠিত হবে ২০-২১ জানুয়ারী ২০২৬, কর্ণাটকের মাঙ্গালুরুতে।
৮ জানুয়ারি ২০২৬, কলকাতা : আজ রাজ্য অফিসে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম জানান যে, দলের সর্বোচ্চ প্রতিনিধিত্বমূলক বিভাগ ৬ষ্ঠ ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল (National Representative Council – NRC) আগামী ২০ ও ২১ জানুয়ারি ২০২৬, কর্ণাটকের মাঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি বলেন, এই দু’দিনের জাতীয় কাউন্সিলে দেশের বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এটি এসডিপিআই-এর সর্বভারতীয় সাংগঠনিক উপস্থিতির প্রতিফলন হওয়ার পাশাপাশি দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা ও সাংগঠনিক স্বচ্ছতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।
তিনি জানান, ৬ষ্ঠ ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ কাউন্সিলের অন্যতম প্রধান এজেন্ডা হল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি এবং তার দপ্তরভুক্ত পদাধিকারীদের নির্বাচন। এই কমিটি আগামী মেয়াদে দলের রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণ ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, কাউন্সিলে দলের গত মেয়াদের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম সংক্রান্ত একটি বিস্তারিত টার্ম রিপোর্ট পেশ করা হবে। সেই রিপোর্টের ওপর গভীর আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে দলের শক্তি, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হবে।
হাসিবুল ইসলাম বিশেষভাবে উল্লেখ করেন যে, এই কাউন্সিলে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি সামগ্রিক পর্যালোচনা করা হবে এবং সেই প্রেক্ষিতে এসডিপিআই-এর রাজনৈতিক অবস্থান, কৌশল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে জাতীয় স্তরে দলের রাজনৈতিক ভূমিকা আরও সুদৃঢ় ও কার্যকর করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
তিনি বলেন, এসডিপিআই গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাসী এবং সেই বিশ্বাসকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই জাতীয় কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ থেকেও দলের প্রতিনিধিরা এই জাতীয় কাউন্সিলে অংশগ্রহণ করবেন এবং রাজ্যের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও বিভিন্ন সমস্যার কথা জাতীয় মঞ্চে তুলে ধরবেন।
উক্ত সাংবাদিক সম্মেলনে রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামের পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতা জেলা সভাপতি ডাঃ সাহিদ আনোয়ার।