18/10/2025
"পুনর্মূষিক ভব" বলে বহুল প্রচলিত একটি সংস্কৃত উক্তি রয়েছে। অনেকেই হয়তো এর নেপথ্যের গল্পটি জানেন। তবুও আবার বলছি।
একজন তপস্বী তাঁর আশ্রমে বসে ধ্যান করছিলেন। এমন সময় একটি কাক একটা ইঁদুর ছানাকে ঠোঁটে করে আকাশপথে উড়ে যাচ্ছিল। আচমকাই ছানাটি ঐ তপস্বীর কোলের উপর পড়লো। তারপর তপস্বী সেই ইঁদুরের বাচ্চাটিকে খুব স্নেহের সঙ্গে পালন করতে থাকেন।
একদিন একটি বিড়াল এই ইঁদুরটিকে খাবার জন্য তাড়া করতে লাগলো। প্রাণভয়ে দৌড়াতে দৌড়াতে ইঁদুরটি তপস্বীর কাছে আসতেই তিনি সেটিকে তপোবলে বিড়াল বানিয়ে দিলেন।
এভাবেই দিন কাটতে লাগলো। হঠাৎ একদিন একটা কুকুর সেই বিড়ালটাকে তাড়া করতে লাগলো। এবার তপস্বী আশীর্বাদ দিয়ে তাকে কুকুর বানিয়ে দিলেন।
মনের আনন্দে কুকুরটা একদিন পাশের জঙ্গলে ঘোরাফেরা করছিলো। আচানক একটা বাঘ তাকে খাবার জন্য তাড়া করলো। সে দৌড়ে নিজের পালনকর্তার কাছে আসতেই ওকে এবার আশীর্বাদ দিয়ে তিনি বাঘ বানিয়ে দিলেন।
ইঁদুর থেকে বাঘ হয়ে গেলেও তার মনে কিন্তু নিজের ইঁদুর ইঁদুর ভাবটি রয়েই গেলো। বাঘটি এবার ভাবতে লাগলো এই তপস্বী জীবিত থাকলে সবাই তো জেনে যাবে যে আমি ইঁদুর ছিলাম। উনিই আমাকে বাঘ বানিয়েছেন। তাই এই তপস্বীকে মেরে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে।
এসব ভেবে সে ঐ তপস্বীকে হত্যা করার জন্য তাঁর কাছে যেতেই তপস্বী ওর মনের অকৃতজ্ঞতা বুঝতে পেরে গেলেন। তখন তিনি অভিশাপ দিয়ে বললেন, ইঁদুর ছিলি বিড়াল হলি / কুকুর হলি বাঘ হলি / আমাকেই মারতে এলি ? দয়ার যোগ্য তুমি নও / আবার নেটিং ইঁদুর হও।। অর্থাৎ পুনর্মূষিক ভব। সঙ্গে সঙ্গে অকৃতজ্ঞ বাঘটি আবার ইঁদুরে পরিণত হয়ে গেলো।
নীতি কথা: যার বা যাদের কারণে আমার উত্থান, তার বা তাদের অনিষ্ট করার কথা কখনোই ভাবতে নেই। সে ব্যক্তিই হোক বা সমষ্টি।