18/07/2026
দা নবসৃষ্টি ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দা নবসৃষ্টি ট্রাস্ট-এর উদ্যোগে ১৮ জুলাই ২০২৬ তারিখে থোয়াড়া উচ্চ বিদ্যালয় ও কাপাসাহাটি মিলন বিথি উচ্চ বিদ্যালয়-এ সফলভাবে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ট্রাস্টের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের প্রতিটি ছাত্র-ছাত্রীর হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়, যাতে তারা নিজ নিজ বাড়ি বা আশপাশে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করতে পারে।
এ সময় দা নবসৃষ্টি ট্রাস্টের চেয়ারম্যান ও ফাউন্ডার ডিরেক্টর শ্রী সুজিত বিশ্বাস বলেন, "একটি গাছ মানেই শুধু একটি বৃক্ষ নয়; এটি আগামী দিনের নির্মল পরিবেশ, সুস্থ জনজীবন এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার এক অমূল্য কবচ। তাই আমাদের লক্ষ্য শুধু বৃক্ষরোপণ নয়, প্রতিটি ছাত্র-ছাত্রীর হাতে একটি করে চারাগাছ তুলে দিয়ে তাদের মধ্যে পরিবেশ রক্ষা ও গাছের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলা। আজকের একটি চারাগাছই আগামী দিনের সবুজ, সুন্দর ও নিরাপদ পৃথিবীর ভিত্তি হয়ে উঠবে।"
ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, রোপিত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং মানবিক সেবামূলক বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দা নবসৃষ্টি ট্রাস্টের সম্পাদক শ্রী সমীর হালদার, অর্পণ বিশ্বাস-সহ ট্রাস্টের অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং বিশিষ্ট শুভানুধ্যায়ীরা।
উপস্থিত সকলেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচিতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।