10/09/2025
ইউনুস-খলিলের অবৈধ শাসনে জাতির মর্যাদা হারিয়ে গেছে আজ টিসিবির ট্রাকের লাইনে
সুদী মহাজন ইউনুস আজকের বাংলাদেশকে এমন এক জায়গায় ঠেলে দিয়েছেন যেখানে মানুষের মৌলিক মর্যাদাই যেন অলীক স্বপ্নের মতো লাগে। রাজধানীর মোহাম্মদপুরে বা লালমাটিয়ায় দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখে লজ্জা, অসহায়তা আর ক্ষুধার ছাপ স্পষ্ট। তারা দিনমজুর নন, তারা কেবল গরিবও নন। এদের অনেকেই মধ্যবিত্ত, অফিসকর্মী, শিক্ষক কিংবা ছোট ব্যবসায়ী। অথচ আজ তারা বাধ্য হচ্ছেন ট্রাকের পেছনে দাঁড়িয়ে এক ঘণ্টা, দুই ঘণ্টা অপেক্ষা করতে। কারণ বাজারের দামে তাদের আয় আর টিকছে না।
এই দেশে বেগুন, ঢ্যাঁড়স, কচুর লতি, এমনকি ডিম আর মুরগিও এখন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। সরকারি কমিশনের রিপোর্ট বলছে, কয়েক মাসে সবজির দাম ৭৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। ডিম ১৪০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০, সোনালি ৩২০। মাছ কিনতে গেলে ৩০০ টাকার নীচে নামাই যায় না। আটা, ময়দা, ডাল—যা ছিল গরিব মানুষের শেষ আশ্রয়—সেগুলোর দামও হু হু করে উঠছে। সাধারণ মানুষ যখন বাজারে যায়, তাদের চোখেমুখে একটাই প্রশ্ন: এভাবে আর কতদিন?
কিন্তু ইউনুস আর খলিলদের কাছে এই প্রশ্ন পৌঁছায় না। কারণ তারা দেশের বাস্তবতা বোঝার প্রয়োজন বোধও করেন না। বিদেশি টাকা, জঙ্গি গোষ্ঠীর সহায়তা আর সেনাবাহিনীর একাংশের ছায়া ব্যবহার করে জুলাইয়ের দাঙ্গা ছড়িয়ে দেওয়া হয়েছিল কেবল ক্ষমতা দখলের জন্য। নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে যারা অবৈধভাবে সিংহাসনে বসেছে, তাদের কাছে মানুষ নয়, কেবল নিজের ক্ষমতা টিকিয়ে রাখাটাই মুখ্য। দেশের কৃষক কী দামে শাকসবজি তুলছে, শ্রমিকের আয় কোন খাতে শেষ হয়ে যাচ্ছে, অফিসপাড়ার কর্মচারী কীভাবে লজ্জায় মাথা নিচু করে ট্রাকের পেছনে দাঁড়াচ্ছে—এসব তাদের কাছে কোনো মূল্যই রাখে না।
ইউনুস আজ বাংলাদেশকে এমন এক ভয়াবহ অবস্থায় দাঁড় করিয়েছেন যেখানে ট্রাকের পেছনে দাঁড়ানো মানে শুধু সস্তায় কিছু পণ্য কেনা নয়, বরং রাষ্ট্রের দেয়া লাঞ্চনা সহ্য করা। মানুষ মনে মনে ভেঙে যাচ্ছে, তারা বুঝতে পারছে তাদের কষ্ট, লজ্জা আর ক্ষুধাকে কেউ পাত্তাই দিচ্ছে না। এই শাসনব্যবস্থা মানুষের প্রতি চরম অবমাননা। এ যেন এক নোংরা রসিকতা, যেখানে দেশের নাগরিকদের জীবনের দামে একদল ক্ষমতালোভীর ভোগ-বিলাস চলছে।
আজ বাংলাদেশে বাজার শুধু গরম না, বাজার পুড়ছে। পুড়ছে মানুষের সঞ্চয়, পুড়ছে মধ্যবিত্তের আশা, পুড়ছে সীমিত আয়ের মানুষের ঘরসংসার। অথচ ইউনুস আর তার সহযোগীরা এক ভিন্ন দুনিয়ায় বাস করছেন, যেখানে বিদেশি প্রভুদের তুষ্ট করা ছাড়া আর কিছু নেই। তাদের হাতে দেশের অর্থনীতি এক গভীর অন্ধকার গহ্বরে ধাক্কা খাচ্ছে।
এই অপমানের দায়, এই অবমাননার দায় ইউনুস-খলিল গংয়ের না হলে আর কার?
ইতিহাসের সবচেয়ে ভয়ানক জায়গায় দাঁড়িয়ে আছে আজ বাংলাদেশ। ক্ষুধা, লজ্জা আর অবমাননার মধ্যে যে মানুষ প্রতিদিন ঘুরপাক খাচ্ছে, সেই মানুষের প্রতি এই শাসকগোষ্ঠীর আচরণ কেবল একটাই প্রমাণ করে : ইউনুস ও তার সহযোগীরা কোনোদিনই এই দেশের ছিলেন না, নেই, থাকবেনও না।