06/07/2026
সাভারে এনসিপির শীর্ষ নেতৃত্বের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে কমলগঞ্জ উপজেলা এনসিপি-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ বিবৃতি
তারিখ: ৬ জুলাই, ২০২৬
স্থান: কমলগঞ্জ, মৌলভীবাজার
একটি উপজেলার প্রোগ্রামে যখন হাজার হাজার মুক্তিকামী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটে, যখন বর্তমান ক্ষমতাসীন দলের যৌক্তিক সমালোচনা করা হয় এবং স্বৈরাচারী খুনিদের গণহত্যাকারী হিসেবে বিচারের মুখোমুখি করার জোরালো দাবি তোলা হয়—ঠিক তখনই সেই বিপুল জনস্রোতকে স্তব্ধ করে দিতে এনসিপির শীর্ষ নেতৃত্বকে হত্যার উদ্দেশ্যে এক বর্বরোচিত ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
সাভারের পথসভায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে ওঠার সাথে সাথেই পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চারপাশ অন্ধকার করে দেওয়া হয়। এই সুনিপুণ অন্ধকারের সুযোগ নিয়েই সন্ত্রাসীরা আমাদের ভাইদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং রক্তগঙ্গা বইয়ে দেয়। এই মুহূর্তে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের ৫ জন লড়াকু ভাই রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন আছেন, যার মধ্যে একজনের পায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
কমলগঞ্জ উপজেলা এনসিপি-এর পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই এই পৈশাচিক হামলাকে। একই সাথে আমরা গভীর উদ্বেগের সাথে প্রশ্ন তুলতে চাই—এই হামলার পেছনে কেবলই কি স্থানীয় প্রশাসনের চরম গাফিলতি ছিল, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক গভীর প্রশ্রয়?
আজ দেশের বিভিন্ন স্তরে ব্যবসায়িক, রাজনৈতিক ও অভ্যন্তরীণ নেগোসিয়েশনের নামে স্বৈরাচারের দোসর ও চিহ্নিত অপরাধীদের পুনর্বাসন করা হচ্ছে। ক্ষমতাসীন দল তাদের যেভাবে শেল্টার দিচ্ছে, তারই সুবাদে তারা আজ আবার মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আমরা স্পষ্ট ভাষায় জানতে চাই—স্বৈরাচারের দোসরদের এই আস্কারা দেওয়ার ফলে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, তার দায় ক্ষমতাসীন দল নিবে কি না?
সাভার থানায় এই জঘন্য হামলার প্রেক্ষিতে ইতিপূর্বেই মামলা দায়ের করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা এনসিপি বর্তমান সরকার ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তীব্র নজর রাখছে।
আমরা হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, রক্তচক্ষু বা কাপুরুষোচিত হামলা করে জনগণের স্বতঃস্ফূর্ত জোয়ারকে কখনো রোধ করা যায়নি, আর যাবেও না। অনতিবিলম্বে এই হামলার মাস্টারমাইন্ড ও সরাসরি জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায়, সারা দেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এনসিপি রাজপথে এর দাঁতভাঙা জবাব দিতে বাধ্য হবে।
বিনীত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
কমলগঞ্জ উপজেলা শাখা, মৌলভীবাজার।