03/07/2014
ঢাকা-চট্টগ্রাম যেতে এক্সপ্রেস ওয়ের চুক্তি সই; তিন ঘণ্টায় যাওয়া যাবে চট্টগ্রামঃ
মাত্র ৩ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে 'ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে নির্মাণ প্রকল্পের' চুক্তি স্বাক্ষর করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর।
আজ দুপুর আড়াইটায় রাজধানীর তেজগাঁও সড়ক ভবনের সম্মেলন কক্ষে চারটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে এর সম্ভাব্যতা যাচাই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এক্সপ্রেস ওয়ে প্রকল্প বাস্তাবায়নকারী প্রতিষ্ঠান সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানান, এটি ৩৬ মাসের প্রকল্প। এর সম্ভাব্যতা যাচাই মূল্য ৯৭ কোটি ৮৭ লাখ ৭৫ হাজার টাকা।
এশিয়ান ডেভোলাপমেন্ট ব্যাংকের (এডিবি) সহায়তায় প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদপ্তর বাস্তবায়ন করবে বলেও তিনি জানান।
প্রকল্পটির পরিচালক জানান, ২০২৪-২৫ সালে ঢাকা-চট্রগ্রাম সড়কের গাড়ির সংখ্যা দাঁড়াবে ৭০ হাজারে। যা আট লেন সড়ক বাস্তবায়ন করেও নিয়ন্ত্রণ সম্ভব নয়। সেজন্য দেশে প্রথমবারের দ্রত গতির সড়ক এক্সপ্রেস ওয়ে নির্মাণের এগিয়ে যাওয়া হলো।
সূত্র জানায়, এক্সপ্রেস ওয়ে নির্মাণের জন্য এডিবির অর্থায়ন ও কারিগরি সহায়তায় নতুন করে সম্ভাব্যতা যাচাইয়ের প্রধান উদ্দেশ্য হবে এক্সপ্রেস ওয়েটি সমতল মাটির ওপর নাকি এলিভেটেড (উড়াল পথ) হবে, তা নির্ধারণ করা।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত সমতল ভূমির ওপর অথবা বিদ্যমান সড়কের ওপর দিয়ে উড়াল পথে সড়ক অথবা বর্তমান মহাসড়কের পাশে দিয়ে এটি তৈরি হবে।