03/09/2026
আইএলএসটি, নেত্রকোণায় অগ্নি নির্বাপন প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত।
আজ ৩ সেপ্টেম্বর ২০২৬, রোজ বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে জানমাল রক্ষা, অগ্নি নির্বাপণের কৌশল এবং অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি), নেত্রকোণায় অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আইএলএসটি, নেত্রকোণা প্রাঙ্গণে আয়োজিত এ প্রশিক্ষণ ও মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নেত্রকোণার উপপরিচালক জনাব মো. জাকির হোসেন উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় আইএলএসটি, নেত্রকোণার শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অগ্নিকাণ্ডের বিভিন্ন কারণ, অগ্নিকাণ্ডের সময় করণীয়, অগ্নি নির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার, বৈদ্যুতিক অগ্নিকাণ্ড মোকাবিলা, জরুরি পরিস্থিতিতে নিরাপদে ভবন থেকে বের হওয়ার পদ্ধতি এবং অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত ও সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণের ব্যবহারিক অংশে অংশগ্রহণকারীদের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। আগুনের ধরন অনুযায়ী উপযুক্ত নির্বাপক যন্ত্র নির্বাচন, যন্ত্র পরিচালনার নিয়ম এবং আগুন নিয়ন্ত্রণের সময় প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
পরে আইএলএসটি প্রাঙ্গণে অগ্নিকাণ্ডের একটি কৃত্রিম পরিস্থিতি সৃষ্টি করে বাস্তবধর্মী অগ্নি নির্বাপন মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ, নিরাপদ স্থানে সরে যাওয়া এবং ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন ধাপ প্রদর্শন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নেত্রকোণার উপপরিচালক জনাব মো. জাকির হোসেন অগ্নিকাণ্ড প্রতিরোধ ও মোকাবিলায় সচেতনতা, পূর্বপ্রস্তুতি এবং প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি অগ্নিকাণ্ডের সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
সফল ও সুশৃঙ্খলভাবে প্রশিক্ষণ ও মহড়া সম্পন্নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।