22/03/2018
স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে মুদ্রিত স্মারক নোট প্রচলন প্রসঙ্গে ।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ অভিযাত্রার গৌরবোজ্জ্বল মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক ‘‘উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ-মার্চ ২০১৮’’ শীর্ষক একটি স্মারক নোট ইস্যু করতে যাচ্ছে। আগামী ২২ মার্চ ২০১৮ তারিখ সকাল ১০.০২ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত স্মারক নোট অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করবেন। ফোল্ডার ছাড়া খামসহ নোটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা এবং দৃষ্টিনন্দন ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা । মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের দিন অর্থাৎ ২২ মার্চ ২০১৮ তারিখ দুপুর ১২.০০ টার পর থেকে স্মারক নোটটি নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে এবং পরবর্তীতে সকল শাখা অফিস হতে পাওয়া যাবে ।
স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে মুদ্রিত স্মারক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য---
বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির স্বাক্ষরিত ১৪০ মিমি X ৬২ মিমি পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, জাতীয় স্মৃতি সৌধ, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, বাংলাদেশের মানচিত্র, বাইনারি সংখ্যা ইত্যাদি মুদ্রিত আছে এবং নোটের ডানটিকে উপরের কর্ণারে নোটের মূল্যমান ইংরেজিতে ‘৭০’ এবং নীচের কর্ণারে বাংলায় ‘৭০’ মুদ্রিত রয়েছে ।
নোটের অপর পিঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ও নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর নকশা মুদ্রিত আছে। উপরের মধ্যভাগে ইংরেজিতে স্মারক নোটের নাম ''Developing Bangladesh March-2018'' লেখা আছে। নোটের বামদিকে উপরের কর্ণারে ইংরেজিতে স্মারক নোটের মূল্যমান ‘৭০’ এবং বামদিকে নীচের কর্ণারে বাংলায় ‘৭০’ মুদ্রিত রয়েছে ।
স্মারক নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ‘১০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের জলছাপ রয়েছে। নোটের সম্মুখভাগে বামদিকে ১০০ টাকা মূল্যমানের নোটের ন্যায় প্যাঁচানো নিরাপত্তা সুতা রয়েছে । তাছাড়া বহু রংয়ের ইউভি ফাইবার মাইক্রোটেক্সট ইত্যাদি নিরাপত্তা বৈশিষ্ট্যও স্মারক নোটটিতে রয়েছে। স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে ২২ মার্চ, ২০১৮ বাংলাদেশ ব্যাংকের ৭০ টাকা মূল্যমানের স্মারক নোট উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।