26/05/2026
শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
অদ্য ২৬ মে ২০২৬ তারিখ সকাল ১১ টায় ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার ১৯৯ তম ঈদ জামাতের প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ সার্বিক বিষয়ে কথা বলেন জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন।
ব্রিফিংয়ে জেলা প্রশাসক প্রতি বছরের মতো এ বছরেও শোলাকিয়ার ঈদ জামাতের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন।
জামাতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঈদগাহসহ পুরো শহরকে ৮ টি সেক্টরে ভাগ করে ৬০০ জন পুলিশ সদস্য, ২ প্লাটুন বিজিবি ও ৫৫ জন র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ৯ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। পুরো এলাকা জুড়ে ৬৪ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তাছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫০ টি অস্থায়ী ওযুখানা, ২০ টি অস্থায়ী টয়লেট, ২০ টি ইউরেনালের ব্যবস্থা থাকবে ও ২ টি খাবার পানির অস্থায়ী ভ্যান, মেডিকেল টিম, এম্বুলেন্স, মেডিসিন ও চিকিৎসা সামগ্রী থাকবে।
জেলা প্রশাসক কোনরুপ বিশৃংখলা ব্যতিরেকেই ঈদ জামাত সুসম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন এবং সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন।
ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম মহোদয়, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, পুলিশ, র্যাব, আনসারসহ নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।