02/09/2026
বিএনপির নেতা, সাবেক বিচারপতি, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, কওমি আলেম, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫০ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের ফুল ও ইসলামিক বই দিয়ে বরণ করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন বংশাল থানা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার। তিনি সম্প্রতি বিএনপি ছেড়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া ইসহাক সরকারের বড় ভাই।
এ ছাড়া সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এস এম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক এবং জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদও জামায়াতে যোগ দিয়েছেন।
তালিকায় রয়েছেন বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ এবং বেশ কয়েকজন কওমি আলেম। তাঁদের মধ্যে মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা জসিম উদ্দিন (রসুলপুরি) ও মাওলানা হাসান জামিল রয়েছেন।
রাজনৈতিক অঙ্গনের আরও কয়েকজন নেতাও এদিন জামায়াতে যোগ দেন। তাঁদের মধ্যে বংশাল থানার ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজি আলতাব হোসেন এবং ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাবেদ ওমর রয়েছেন। ৩২ নম্বর ওয়ার্ডের সমাজসেবক মোছলেহ উদ্দিন আহমেদও যোগদানকারীদের মধ্যে আছেন।
এ ছাড়া ব্যবসায়ী আবুল আয়েশ খান, ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজি শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও হুমায়ন কবিরসহ আরও অনেকে জামায়াতে যোগ দিয়েছেন।