17/08/2026
১৭ই আগস্ট ‘সিরিজ বোমা হামলা দিবসে’ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিবৃতি
প্রিয় দেশবাসী,
১৭ই আগস্ট, ২০০৫ সালের এই দিনে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) দেশের ৬৩টি জেলায় একযোগে ৫০০ স্থানে বোমা হামলা চালায়। সিরিজ বোমা হামলাসহ তৎকালীন সরকারের আমলে প্রাণঘাতী বেশ কয়েকটি জঙ্গি হামলার উদ্দেশ্য ছিল অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশকে একটি অকার্যকর ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা।
বাংলাদেশ আওয়ামী লীগ যখনই সরকারের দায়িত্বে ছিল, তখনই উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে। আমাদের সরকারের সময়ে বিশেষায়িত আইনশৃঙ্খলা বাহিনীর বীরত্বপূর্ণ অভিযানের মাধ্যমে জঙ্গি আস্তানাগুলো ধ্বংস করা হয়, শীর্ষ মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনা হয় এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।
২০২৪ সালের ৫ই আগস্টে ষড়যন্ত্রমূলক সহিংস আন্দোলনে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পর থেকে ক্ষমতাসীনদের আশকারা ও তোষণনীতির কারণে দেশে আবারও উগ্রবাদীদের বিপজ্জনক পুনরুত্থান ঘটছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দণ্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারকৃত শীর্ষ জঙ্গি ও চিহ্নিত শত শত সন্ত্রাসীদের একে একে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। এসব চিহ্নিত শীর্ষ জঙ্গীদের মুক্তি এবং উগ্রপন্থী দলগুলোর প্রকাশ্য তৎপরতা আমাদের জাতীয় নিরাপত্তা, জনজীবনের শান্তি এবং বহু ত্যাগে অর্জিত আন্তর্জাতিক ভাবমূর্তিকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।
আমি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি- অপশক্তির চক্রান্ত সম্পর্কে সজাগ থাকুন। উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেন আবারও আমাদের প্রিয় মাতৃভূমিকে গ্রাস করতে না পারে, সেজন্য দেশের প্রতিটি নাগরিককে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।