11/07/2026
আইলেটে যুক্ত হচ্ছে দেশের প্রথম Footwear and Leather Goods CAD ল্যাবসহ আধুনিক সুযোগ-সুবিধা
লেদার সেক্টরে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইলেট), ঢাকা বিশ্ববিদ্যালয়-এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত Skills for Industry Competitiveness and Innovation Programme (SICIP) এর আওতায় একটি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম চালু হয়েছে যা ILET-SICIP Program নামে পরিচিত।
কোনো প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রক্রিয়া হলো সরকারি উন্নয়ন বাজেটের অর্থায়নে প্রোগ্রাম বা প্রকল্প বাস্তবায়ন। জাতীয় স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচির মাধ্যমে SICIP ৩০ টির মত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন শিল্পখাতের জন্য দক্ষ জনবল তৈরির প্রশিক্ষণ পরিচালনা করে আসছে, যেমন IBA-University of Dhaka, East West University, BRAC University এবং BUTEX-এ বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। একইভাবে এই প্রোগ্রামের আওতায় আইলেটে যুক্ত হচ্ছে আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামো, যা আইলেটের স্থায়ী সম্পদ হিসেবে প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের পাশাপাশি নিয়মিত শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় ব্যবহৃত হবে।
ফুটওয়্যার ও লেদার প্রোডাক্ট ডিজাইনের জন্য আইলেটেই দেশের প্রথম iCAD ডিজাইন ল্যাব স্থাপিত হচ্ছে, যেখানে থাকবে —
1. Full Feature, Lifetime License ও Update সুবিধাসহ ৩০টি iCAD স্টেশন
2. দুইটি Cutting Plotter
3. একটি 3D Foot Scanner
ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় সফটওয়্যার ও মেশিন ক্রয় কার্যক্রম শুরু করেছে এবং আগামী ২–৩ মাসের মধ্যে উল্লেখিত সফটওয়্যার ও CAD মেশিনারি সমৃদ্ধ শীতাতপনিয়ন্ত্রিত ও মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন এই ল্যাবের কার্যক্রম শুরু হবে।
এছাড়া এই প্রোগ্রামের আওতায় আইলেটে যুক্ত হচ্ছে বিম-হাউস থেকে ফিনিশিং, ডিজাইন থেকে ফুটওয়্যার ও লেদার প্রোডাক্টস প্রোডাকশন এবং টেস্টিং এর জন্য ২২টি ল্যাব মেশিনারি, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—
১. Fleshing Machine
২. Processing Drum
৩. গবেষণার জন্য পৃথক Multi Drum
৪. Shaving Machine
৫. Spray Booth ও Finished Leather Drying Booth
৬. Back-part Moulding Machine
৭. Toe Lasting Machine
৮. Seat & Side Lasting Machine
৯. Moccasin Stitching Machine
১০. Automatic Pattern Sewing Machine
১১. Slip Resistance Tester
এর পাশাপাশি ৫টি শীতাতপনিয়ন্ত্রিত আধুনিক শ্রেণিকক্ষ স্থাপিত হবে, যা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সামগ্রিক পরিবেশকে আরও উন্নত করবে।
ILET-SICIP মূলত একটি আপস্কিলিং ট্রেনিং প্রোগ্রাম, যার মূল উদ্দেশ্য লেদার সেক্টরে নিয়োজিত জনবলকে দক্ষ করে গড়ে তোলা। প্রোগ্রামটি ইনস্টিটিউটের শিক্ষকদের এবং সেক্টরে কর্মরত দীর্ঘদিনের অভিজ্ঞ আইলেটের গ্র্যাজুয়েটদের সমন্বয়ে SICIP-এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে, সরকার ও বিশ্ববিদ্যালয়ের সকল নিয়ম-কানুন অনুসরণ করে পরিচালিত হচ্ছে। নতুন এই অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা আইলেটকে লেদার সেক্টরে শিক্ষা ও গবেষণায় একটি স্বতন্ত্র ও ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে নিয়ে যাবে।