01/07/2026
আধুনিক রাষ্ট্র পরিচালনায় নির্ভুল, হালনাগাদ ও নির্ভরযোগ্য পরিসংখ্যান নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। বিশেষ করে সরকারি জনবল ব্যবস্থাপনা, প্রশাসনিক সংস্কার এবং মানবসম্পদ উন্নয়নে সরকারি কর্মচারীদের সঠিক তথ্য-উপাত্ত অপরিহার্য।
বর্তমান সরকার একটি দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক প্রক্রিয়ায় প্রায় পাঁচ লক্ষ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি কর্মচারীদের নির্ভরযোগ্য ও হালনাগাদ পরিসংখ্যান বিশেষ গুরুত্ব বহন করে।
এই প্রেক্ষাপটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা কোষ সরকারি কর্মচারীদের তথ্য-উপাত্ত সংগ্রহ, সংকলন ও সংরক্ষণের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগ থেকে প্রতিবছরের ন্যায় এ বছরও 'Statistics of Public Servants, 2025' বা 'সরকারি কর্মচারীদের পরিসংখ্যান, ২০২৫' প্রকাশিত হতে যাচ্ছে।
এই প্রকাশনায় বেসামরিক সরকারি জনবলের বিস্তারিত তথ্য সংকলিত হয়েছে। জনবল কাঠামো অনুযায়ী অনুমোদিত, বিদ্যমান ও শূন্য পদের তথ্যের পাশাপাশি গ্রেডভিত্তিক জনবল এবং নারী-পুরুষভিত্তিক পরিসংখ্যান পৃথকভাবে উপস্থাপন করা হয়েছে।
আমি বিশ্বাস করি, এই প্রকাশনা সরকারি জনবল ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণকে আরও তথ্যনির্ভর ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সরকারি প্রশাসন ও মানবসম্পদ বিষয়ে গবেষণার ক্ষেত্রেও এটি একটি নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হবে।
আশা করি, এই প্রকাশনার গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‘Statistics of Public Servants, 2025' প্রণয়ন ও প্রকাশে যাঁরা নিষ্ঠা, দক্ষতা ও শ্রম দিয়ে অবদান রেখেছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।