05/03/2026
নরসিংদীতে গ্রাহক ভোগান্তিতে টেলিটক ব্যবহারকারীরা
নিজস্ব সংবাদদাতা
রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের নেটওয়ার্ক দুর্বলতা, ধীরগতির ইন্টারনেট এবং অপর্যাপ্ত গ্রাহকসেবার কারণে দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ রয়েছে। এর পাশাপাশি নরসিংদী জেলায় অনুমোদিত ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও গাফিলতির অভিযোগ ওঠায় গ্রাহকদের ভোগান্তি আরও বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবহারকারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীতে টেলিটকের অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান মেসার্স সাকির এন্ড ব্রাদার্স। প্রতিষ্ঠানটির মালিক হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলেছেন কিছু গ্রাহক। তাদের দাবি, গ্রাহকসেবা কার্যক্রম জোরদারের জন্য যেসব সুযোগ-সুবিধা বরাদ্দ দেওয়া হয়েছিল, তার অনেকগুলোই যথাযথভাবে বাস্তবায়ন হয়নি।
টেলিটক সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কয়েকটি মোটরসাইকেল বরাদ্দের কথা থাকলেও তা বাস্তবে ব্যবহৃত হয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়া সেলসম্যান নিয়োগ সংক্রান্ত বিষয়েও প্রশ্ন উঠেছে বলে জানা গেছে।
অন্যদিকে স্থানীয় অনেক গ্রাহক অভিযোগ করেছেন, নরসিংদী উপজেলা মোড়ে অবস্থিত ডিলার পয়েন্টে গিয়ে অনেক সময় প্রয়োজনীয় সেবা পাওয়া যায় না। কখনো কখনো সার্ভিস পয়েন্ট বন্ধ থাকায় গ্রাহকদের ফিরে যেতে হয়।
এদিকে টেলিটকের সেবা ব্যবস্থার দুর্বলতা ও স্থানীয় পর্যায়ের সমস্যার কারণে অনেক ব্যবহারকারী বিকল্প মোবাইল অপারেটরের দিকে ঝুঁকছেন বলে জানা গেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে ডিলার হাজী আব্দুস সাত্তারের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে টেলিটক কর্তৃপক্ষের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গ্রাহকদের দাবি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেবার মান উন্নত করা হোক, যাতে টেলিটক ব্যবহারকারীরা হয়রানির শিকার না হন।
(এ বিষয়ে আরও বিস্তারিত প্রতিবেদন আগামী সংখ্যায় প্রকাশিত হবে)