23/05/2026
প্রেস বিজ্ঞপ্তি / ২৩ মে'২৬
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাসহ সারাদেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন ও খুনের বিরুদ্ধে প্রতিবাদ এবং দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ এবং সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন আজ এক যৌথ বিবৃতির মাধ্যমে সারা দেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও খুনের প্রতিবাদ এবং দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সাম্প্রতিক সময়ে রাজধানীর পল্লবীতে রামিসা নামে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। সেই ঘটনায় গোটা জাতি আজ স্তম্ভিত ও বিস্মিত। আমাদের দেশের নারী এবং শিশুরা আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। একের পর এক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা সমাজকে এক চরম বর্বরতার দিকে ঠেলে দিচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিনিয়ত নিষ্পাপ শিশুদের ওপর এ ধরনের পাশবিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পল্লবীর রামিসা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মূলত রাষ্ট্র ও প্রশাসনের সামগ্রিক সুরক্ষাব্যবস্থার ব্যর্থতারই বহিঃপ্রকাশ। জনগণের করের টাকায় পরিচালিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠার সাহস পায়।
বিবৃতিতে নেতৃবৃন্দ রামিসার হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে তারা দেশব্যাপী নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে দেশের আপামর ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বার্তা প্রেরক
অনিক কুমার দাস
দপ্তর সম্পাদক
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি
০১৯২০৪০১৪৪৩