01/06/2026
**লঞ্চে যাত্রী ছদ্মবেশে মলম পার্টির লুটপাট ব্যর্থ: অঙ্গীভূত আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপে ১ জন আটক**
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নৌপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে বিভিন্ন লঞ্চে অঙ্গীভূত আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা সার্বক্ষণিক টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।
১ জুন ২০২৬ (সোমবার) সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এম.ভি ইয়াদ ভোলা জেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথে লঞ্চটি ভোলা জেলার ইলিশাঘাট এলাকায় পৌঁছালে একটি দুঃখজনক ঘটনা ঘটে।
লঞ্চে যাত্রী ছদ্মবেশে থাকা মলম পার্টির সদস্যরা মো: নাসির হাজারী ও মো: শাহাবুদ্দিন নামের দুই যাত্রীকে কৌশলে টার্গেট করে। প্রথমে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে পরে কৌশলে অজ্ঞান করে মালামাল লুটের চেষ্টা করা হয়।
ঘটনাটি লঞ্চে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্যদের নজরে পড়ে। সন্দেহজনক আচরণ লক্ষ্য করার সঙ্গে সঙ্গেই তারা দ্রুত অভিযান পরিচালনা করেন। আনসার সদস্য মো: আসাদুল, মো: রিয়াজ এবং সঞ্জয় তাৎক্ষণিক তৎপরতায় মলম পার্টির এক সদস্যকে হাতেনাতে আটক করেন। আটক ব্যক্তির নাম ফারুক(৪৫)।
পরবর্তীতে লঞ্চ কর্তৃপক্ষের অনুমতিক্রমে লঞ্চটি মুন্সিগঞ্জ নৌঘাটে ভিড়িয়ে অচেতন যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আনসার সদস্যদের সহায়তায় নাসির হাজারী ও শাহাবুদ্দিনকে দ্রুত মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১২,৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল যথাযথভাবে ভুক্তভোগীদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সদরঘাট নৌ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।
নৌপথে ঈদযাত্রায় যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীভূত আনসার সদস্যরা নিয়মিতভাবে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের দ্রুত ও সমন্বিত তৎপরতায় একটি বড় ধরনের অপরাধ সংঘটনের ঘটনা প্রতিহত করা সম্ভব হয়েছে।
#অঙ্গীভূত_আনসার #অপরাধ_প্রতিরোধ
#জননিরাপত্তা #সেবাই_আমাদের_অঙ্গীকার