08/05/2026
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: প্রবাসীদের অধিকার আদায়ে ১০ দফা দাবি পেশ:
ঢাকা, ৮ মে ২০২৬: প্রায় ২ কোটি প্রবাসীর অধিকার আদায় ও কল্যাণে নিবেদিত সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আজ শুক্রবার দুপুর ৩টায় রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে (আল-রাজী কমপ্লেক্স) "বর্তমান সরকারের নিকট প্রায় ২ কোটি প্রবাসীর প্রত্যাশা" শীর্ষক এক বিশেষ আলোচনা সভা, পথচারীদের মাঝে খাবার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের মানবপাচার প্রতিরোধ ও পুনর্বাসন সম্পাদক মো.শাহাব উদ্দীন শিহাব এর সন্চালনায় ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লিমন খান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ (জিওপি)-এর সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, সহঃ দপ্তর সম্পাদক আকন্দ মোহাম্মদ উজ্জ্বল, এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানাউল্লাহ, সিনিয়র সহ সভাপতি নেওয়াজ খান বাপ্পি, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী ত্বোহা, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম, পেশাজীবি অধিকার পরিষদের গণমাধ্যম সম্পাদক রোকনুজ্জামান, রোমান খান, সদস্য সচিব, গণসংস্কৃতি পরিষদ, এছাড়াও গণ, যুব অধিকার, শ্রমিক অধিকার ও পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় ও দেশীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আসিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, মিমজাল মুফতি, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক, মোহাম্মদ ফোরকান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (সংযুক্ত আরব আমিরাত শাখা), ফয়সাল সরকার, সদস্য (সিঙ্গাপুর শাখা), মো. আবু হানিফ হাওলাদার, সভাপতি (মরিশাস শাখা), মো. রেজাউল, সহ-সভাপতি (মরিশাস শাখা), শেখ জাহিদ হাসান, সৌদি আরব শাখার অর্থ সম্পাদক।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. কবীর হোসেন প্রবাসীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসন এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকারের নিকট ১০ দফা যৌক্তিক দাবি পেশ করেন। উপস্থাপিত ১০ দফা দাবি:
১. মরদেহ পরিবহন: অনিয়মিত, আনডকুমেন্টেড ও অসহায় প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার ‘নীতিমালা-২০২২’-এর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা।
২. রাজনৈতিক প্রতিনিধিত্ব: জাতীয় সংসদে বা উচ্চকক্ষে প্রবাসীদের জন্য ন্যূনতম ১০% সংরক্ষিত আসন সাংবিধানিকভাবে নিশ্চিত করা।
৩. বিমানবন্দর ও টিকিট সিন্ডিকেট: বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ করা এবং বিমান টিকিট সিন্ডিকেটমুক্ত করে সুলভ মূল্যে নিশ্চিত করা।
৪. নাগরিকত্ব ও পেনশন: যুগোপযোগী দ্বৈত নাগরিকত্ব আইন প্রণয়ন এবং প্রবাসীদের জন্য কার্যকর পেনশন সুবিধা চালু করা।
৫. পাসপোর্ট ও দূতাবাস সেবা: পাসপোর্টে নাম ও বয়স সংশোধনের সহজ সুযোগ এবং দালালমুক্ত ডিজিটাল দূতাবাস সেবা নিশ্চিত করা।
৬. সুরক্ষা আইন ও চিকিৎসা: ‘প্রবাসী সুরক্ষা আইন’ প্রণয়ন, প্রতিটি জেলায় প্রশাসনিক সহায়তা কেন্দ্র এবং প্রবাসীদের জন্য বিশেষায়িত হাসপাতাল ও স্বাস্থ্যবীমা চালু করা।
৭. বাজেট ও শিক্ষা: জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য ৫% বিশেষ বরাদ্দ রাখা এবং পাঠ্যপুস্তকে ‘প্রবাস শিক্ষা’ অন্তর্ভুক্ত করা।
৮. বৈধকরণ ও ভিসা সুবিধা: অনথিভুক্ত প্রবাসীদের বৈধ করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা এবং ঢাকা থেকেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত (EU) দেশগুলোর ভিসার ব্যবস্থা করা।
৯. শ্রম কল্যাণ উইং: প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে পর্যাপ্ত দক্ষ জনবলসহ ‘শ্রম কল্যাণ উইং’ স্থাপন ও সেবা বৃদ্ধি করা।
১০. অভিবাসন ব্যয় ও ঋণ: সরকারিভাবে (G2G) বিদেশে কর্মী প্রেরণের খরচ সর্বোচ্চ ১ লক্ষ টাকায় সীমাবদ্ধ করা এবং প্রবাসফেরতদের জন্য জামানতবিহীন ও সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হওয়া সত্ত্বেও তারা সর্বদা অবহেলিত। দেশের সমৃদ্ধি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এই ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা বর্তমান সরকারের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং সুবিধাবঞ্চিত পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বার্তা প্রেরক,
সাইফুল ইসলাম
দপ্তর সম্পাদক
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ